‘আমার ছাত্র কই?’
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের চরম অনুপস্থিতি ও করুণ চিত্র দেখে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কলেজটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত দেখতে পান এবং অন্যান্য কক্ষগুলোতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। এ বিষয়ে কলেজ শিক্ষকদের কাছে জানতে চাইলেও কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাননি মন্ত্রী।
জানা গেছে, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা (এনএস) সরকারি কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজশাহী বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে সড়কপথে নাটোর যাওয়ার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত বিড়ালদহ কলেজটি নজরে এলে তিনি পূর্বঘোষণা ছাড়াই সেখানে আকস্মিক পরিদর্শনে প্রবেশ করেন। বেলা ১১টা ২০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট তিনি কলেজ প্রাঙ্গণে অবস্থান করেন এবং নিচতলা থেকে শুরু করে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষে নিজে হেঁটে গিয়ে পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতির বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষামন্ত্রী মাত্র একজন ছাত্রীকে বসে থাকতে দেখেন এবং বিশেষ করে ছাত্রদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় দেখে বিস্মিত হন। এ সময় ওই কক্ষে থাকা এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চেয়ে মন্ত্রী প্রশ্ন করেন, স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই? জবাবে ওই শিক্ষক জানান, গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের ওই শ্রেণিতে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও আজ মাত্র একজন ছাত্রী উপস্থিত হয়েছে। অন্য শিক্ষার্থীরা কেন কলেজে আসে না—মন্ত্রীর এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ওই শিক্ষক।
এ সময় উপস্থিত আরেক শিক্ষক দাবি করেন, তখনো সব শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করেনি, তবে তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই ক্লাসে এসেছেন। কিন্তু কলেজের প্রায় সব কটি শ্রেণিকক্ষই প্রায় ফাঁকা দেখে শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, কয়টার সময় ক্লাস শুরু হয় এবং এখন কেন কোনো ক্লাসেই কাউকে দেখা যাচ্ছে না। জবাবে এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে এবং শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে অবস্থান করছে। শিক্ষার্থীদের ক্লাসবিমুখতার বিষয়টি স্বীকার করে ওই শিক্ষক আরও জানান, শিক্ষার্থীদের ক্লাসে আনতে শিক্ষকদের পক্ষ থেকে ফোন করতে হয়। শিক্ষকদের এমন অসহায়ত্ব ও দায়সারা ব্যাখ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
সার্বিক বিষয়ে বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তাঁদের কলেজে কেবল উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়, যেখানে একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জনসহ মোট ২৩৭ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন উপস্থিত থাকলেও সব মিলিয়ে ওই দিন কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কলেজটি মহাসড়কের পাশে হওয়ায় নাটোর যাওয়ার পথে মন্ত্রী মহোদয় হঠাৎ করেই গাড়িবহর নিয়ে কলেজে ঢুকে পড়েন এবং একতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরাতে কলেজ কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করেও সফল হতে পারছে না বলে তিনি মন্ত্রীকে অবহিত করেছেন।
এদিকে, মফস্বলের একটি কলেজে শিক্ষার এমন বেহাল দশা ও শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কলেজটিতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সার্বিক একাডেমিক পরিস্থিতি নিবিড় নজরদারিতে রাখার জন্য তিনি ঘটনাস্থল থেকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে জরুরি নির্দেশনা প্রদান করেন।