বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের ঘটনায় রাজশাহীতে মামলার প্রস্তুতি,আটক-১
নাশকতা ঠেকাতে নগরীর মোড়ে মোড়ে বিএনপি অঙ্গসংগঠনের অবস্থান

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের ঘটনায় রাজশাহীতে মামলার প্রস্তুতি,আটক-১

favicon
স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের ঘটনায় রাজশাহীতে মামলার প্রস্তুতি,আটক-১
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তা বলয় এড়িয়ে রাজশাহী নগরীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি লক্ষ্মীপুর মোড় হয়ে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ অংশগ্রহণকারী দ্রুত স্থান ত্যাগ করে সটকে পড়লেও নগরীর চন্ডিপুর এলাকার বাবরের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মহানগর কমিটির সহ-সভাপতি অনিককে আটক করতে সক্ষম হয় রাজপাড়া থানা পুলিশ। এদিকে, এই ঘটনার পরপরই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রুখে দিতে রাজপথে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শহরের রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকার সুযোগ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী আকস্মিকভাবে জড়ো হয়ে মিছিলটি বের করেন। মিছিলের ব্যানারে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় কর্মসূচি পালনের কথা উল্লেখ ছিল। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে স্লোগান দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের কয়েকজন নিজেদের ফেসবুক আইডি থেকে তা সরাসরি সম্প্রচার করেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে বাকিরা পালিয়ে যান এবং ঘটনাস্থল থেকে অনিক আটক হন।

নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজশাহী নগরীতে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজপথে অবস্থান নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন। তিনি বলেন, আমরা রাজপথে আছি, ছাত্রলীগ ও আওয়ামী লীগকে প্রতিহত করতে ছাত্রদলই যথেষ্ট। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজশাহী মহানগর ছাত্রদল সজাগ আছে এবং রাজশাহীতে কোনো রকম বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। সকালে রামেক হাসপাতালের সামনে থেকে বের হওয়া মিছিলের প্রসঙ্গ টেনে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, পারলে দিনের আলোতে এসো, দেখা যাবে কতক্ষণ মিছিল করতে পারো।

একই সুরে হুঁশিয়ারি দিয়ে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন বলেন, রাতের আঁধারে বা ভোরের ফাঁকা রাস্তায় চোরের মতো ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করতে মহানগর যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক পাহারারত রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন বলেন, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে রাজশাহীর মাটিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো নাশকতা ঠেকাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।

সার্বিক বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মিছিল হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় এবং সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর সহ-সভাপতি অনিককে আটক করা হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বেআইনিভাবে এ ধরনের কর্মসূচি পালন করায় ভিডিও ফুটেজ দেখে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।