বগুড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪০ স্টলে আধুনিক প্রযুক্তির সমাহার
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় খামারিদের আন্তর্জাতিক মানের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের নুরানি মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রদর্শনী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক আলোচনা সভায় অংশ নেন।
দিনব্যাপী এই প্রদর্শনীতে বগুড়া সদর উপজেলার প্রান্তিক ও বাণিজ্যিক পর্যায়ের খামারি, সফল নারী উদ্যোক্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তা, দুগ্ধ ও মাংস প্রক্রিয়াজাতকারী এবং ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদনকারীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া ভ্যাকসিন, পশুখাদ্য ও আধুনিক খামার প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও এবং সেবাদানকারী সংস্থাগুলো তাদের উদ্ভাবন ও সেবা প্রদর্শন করে। মেলায় ছয়টি বিশেষ ক্যাটাগরিতে স্থাপিত প্রায় ৪০টি স্টলে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, আধুনিক খামার ব্যবস্থাপনা প্রযুক্তি এবং সফল উদ্যোক্তাদের নানা উদ্ভাবনী দিক তুলে ধরা হয়। প্রদর্শনী চলাকালে খামারিদের জন্য বিনা মূল্যে প্রাণিসম্পদবিষয়ক চিকিৎসাসেবা ও কারিগরি পরামর্শ প্রদান করা হয়। বিকেলে মূল্যায়ন কমিটির যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারি ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল এবং বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শেখ তাহাউদ্দিন নাহিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় প্রান্তিক খামারিদের দোরগোড়ায় বিনা মূল্যে ভেটেরিনারি মেডিকেল টিমের চিকিৎসাসেবা, গবাদিপশুর টিকাদান ও কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে প্রাণিসম্পদ খাতে আগ্রহী করতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নারী উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়েছে।