বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতল রাসিক

বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতল রাসিক

favicon
স্টাফ রিপোর্টার :
বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতল রাসিক
রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আধুনিক ও পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সব সিটি কর্পোরেশনের মধ্যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালার পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং প্রকল্পের প্রতিনিধিদের হাতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। রাজশাহীর পরিচ্ছন্নতা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে সুন্দর পরিবেশ ও কার্যকর উদ্যোগ তারা প্রত্যক্ষ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমানের দূরদর্শী নেতৃত্বে রাজশাহী দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, রাজশাহী সফরের এই বাস্তব অভিজ্ঞতা ও অর্জন গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমেও কাজে লাগানো হবে।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। বক্তারা টেকসই নগর উন্নয়নে বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

গ্রিন ও ক্লিন সিটি হিসেবে দেশব্যাপী পরিচিত রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনার সফল মডেল সরেজমিনে দেখতে এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করতে তিন দিনব্যাপী এই কর্মশালায় দেশের চারটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা এতে যুক্ত ছিলেন। এ ছাড়া এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপি প্রকল্পের বিশেষজ্ঞ প্রতিনিধিরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর নগর ভবনের সিটি হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী পর্বে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালার অংশ হিসেবে গত ২৪ নভেম্বর রাতে নগরীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে জাইকা ও এলজিইডি’র ইউডিসিজিপি প্রকল্পের যৌথ উদ্যোগে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অসামান্য সাফল্য ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ দেশের সব সিটি কর্পোরেশনের মধ্যে পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। জাইকা ও প্রকল্পের শীর্ষ প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো তুলে দেন।