আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনগত দিক বিবেচনাধীন রয়েছে: আইনমন্ত্রী
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, বর্তমানে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না। জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
এ সময় সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলার ঘটনার বিচারে আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের সুযোগ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মো. আসাদুজ্জামান বলেন, সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এর আইনগত দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রচলিত আইনি প্রক্রিয়া যেভাবে অনুমোদন করে, সরকার ঠিক সেই পথেই অগ্রসর হবে বলে তিনি উল্লেখ করেন।
পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিচারের জন্য পৃথক কোনো ট্রাইব্যুনাল গঠন করা হবে কি না, তা জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করার কোনো প্রয়োজন নেই এবং সরকার এর পক্ষেও নয়। মামলাগুলো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই চলবে এবং যেসব আদালতে বা যেসব এখতিয়ারভুক্ত (জুরিসডিকশন) এলাকায় মামলা দায়ের হয়েছে, সেখানেই যথাযথ নিয়মে বিচারকার্য সম্পন্ন হবে।
এর আগে অনুষ্ঠানের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের নজিরবিহীন আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
বিগত শাসনামলের নির্যাতন ও গুম-খুনের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দীর্ঘ সময় ধরে চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এই দীর্ঘ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব নির্মম ঘটনাকে তৎকালীন সময়ে ‘ক্রসফায়ার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এ ছাড়া সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই আজও ফিরে আসেননি এবং অসংখ্য পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় প্রহর গুনছে।
জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ প্রজন্মের বীরত্বগাথা স্মরণ করে মো. আসাদুজ্জামান বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০ থেকে ২১ দিনের আন্দোলনে তরুণেরা রাজপথে যে অদম্য সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা ইতিহাসে অনন্য। এই রক্তক্ষয়ী আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে এবং প্রায় ৩০ হাজার তরুণ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো অকুতোভয় তরুণদের এই মহান আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।