শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › জাতীয় › নতুন নকশায় ২০ ও ৫০ টাকার নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

নতুন নকশায় ২০ ও ৫০ টাকার নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

favicon
উপচার ডেস্ক :-
নতুন নকশায় ২০ ও ৫০ টাকার নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন কোনো নকশায় নয়, বরং প্রচলিত আগের ডিজাইনেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মূলত চলতি সপ্তাহেই নতুন ডিজাইনের এই নোটগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় টাঁকশাল বা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন থেকে নোটগুলো নিরাপদে পরিবহন করা যায়নি। ফলে নির্ধারিত সময়ে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে আইনশৃঙ্খলা ও পরিবহন নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম পুরোদমে শুরু হবে।

নোট ছাপানোর প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি নতুন নোট নকশা প্রণয়ন থেকে শুরু করে ছাপানো পর্যন্ত প্রায় ছয় মাস সময় লাগে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় বিশেষ কাগজ ও কালি বা কাঁচামাল সংগ্রহে কিছুটা ঘাটতি থাকায় নির্ধারিত সময়ের মধ্যে সব নোট ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণেই আপাতত ২০ ও ৫০ টাকার নতুন নোটের পাশাপাশি ১০০ টাকার নোটটি আগের নকশাতেই সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করছে, নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক হয়ে নতুন ছাপানো নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে পৌঁছানোর পরপরই দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে সাধারণ মানুষ ও গ্রাহকরা সহজেই এসব নতুন নোট সংগ্রহ করতে পারবেন।