পীর সাহেব চরমোনাইর বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে: ইসলামী আন্দোলন
আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আহ্বান জানিয়েছেন-এমন প্রচারণাকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পীর সাহেব চরমোনাইর দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ বিচ্ছিন্নভাবে তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) দলের কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহর সই করা এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও অবস্থান স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে দলটি দাবি করেছে, পীর সাহেব চরমোনাই মূলত তার বক্তব্যে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, প্রাণহানি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের ফলে দেশ ও জনগণের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা বন্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়ার পাশাপাশি চলমান অস্থিতিশীলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
ইসলামী আন্দোলনের ভাষ্যমতে, পীর সাহেব চরমোনাই মূলত বলেছেন যে, যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশের, সাধারণ জনগণের কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন।
তবে বক্তব্যের মূলভাব ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট আড়াল করে একটি অংশ বিচ্ছিন্নভাবে তুলে ধরে পীর সাহেব চরমোনাই আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন—এমন একটি বিভ্রান্তিকর ধারণা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন। দলটি স্পষ্ট জানিয়েছে, এ ধরনের খণ্ডিত উপস্থাপনা বক্তার মূল বক্তব্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তার বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের চলমান অস্থিতিশীলতা ও নাশকতা বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা করা। বক্তব্যের শেষাংশে তিনি ইসলাম ও দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথাও সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে, যেকোনো বক্তব্য প্রকাশের ক্ষেত্রে এর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নেওয়া উচিত। বক্তব্যের কোনো একটি অংশ আলাদা করে এমন শিরোনাম বা ফটোকার্ড তৈরি করা উচিত নয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে কিংবা বক্তার অবস্থান সম্পর্কে ভুল বার্তা দেয়। ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড সংশোধন করে বক্তব্যের যথাযথ অর্থ তুলে ধরার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলেছে, কোনো তথ্য যাচাই-বাছাই না করে মন্তব্য করা, অপব্যাখ্যা ছড়ানো কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ নেওয়া থেকে সবার বিরত থাকা উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বক্তব্য বিকৃত করা কিংবা জনমনে বিভ্রান্তি ছড়ানো কখনোই কাম্য নয়। বিজ্ঞপ্তির শেষাংশে এ ধরনের খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তার দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।