রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › স্পেশাল › রাজশাহীসহ দেশের ৫ জেলায় আ.লীগের ১৫ নেতার বাসা-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

রাজশাহীসহ দেশের ৫ জেলায় আ.লীগের ১৫ নেতার বাসা-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

favicon
বিশেষ প্রতিনিধি :
রাজশাহীসহ দেশের ৫ জেলায় আ.লীগের ১৫ নেতার বাসা-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসাসহ দেশের পাঁচ জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। (ফাইল ছবি / সংগৃহীত)

রাজশাহী, পটুয়াখালী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ফেনী-দেশের এই পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের অন্তত ১৫ জন নেতার বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দফায় দফায় হামলা, ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত চলা এসব সহিংস ঘটনায় অন্তত পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আকস্মিক এসব হামলার ঘটনায় চরম আতঙ্কে বেশ কয়েকটি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তবে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এসব তাণ্ডবে কারা জড়িত, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় অগ্নিসংযোগ :-
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লায় অবস্থিত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শী শামসুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন অস্ত্রধারী ব্যক্তি ওই বাড়ির সামনে আসেন। তাঁদের মধ্যে চারজন প্রাচীর টপকে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেন এবং দুজন বাইরে পাহারায় থাকেন। তাঁদের হাতে পিস্তল ছিল বলে তিনি উল্লেখ করেন। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করলে দুর্বৃত্তরা সামান্য আগুন ধরিয়েই লোকজন জড়ো হতে দেখে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিএনপি নেতারা এতে নিজেদের দলের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছেন। বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুকুল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর দাবি করে বলেন, এটি বিএনপির কাজ নয়, বরং আওয়ামী লীগের লোকেরাই নাশকতা সৃষ্টি করছে। অন্যদিকে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক দাবি করেন, রাজনৈতিক মহলে আলোচনায় থাকার জন্য শাহরিয়ার আলম নিজেই পিস্তলধারী লোক পাঠিয়ে এই ‘সাজানো নাটক’ মঞ্চস্থ করেছেন। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, বাড়ির নিচে সামান্য আগুন লাগানো হয়েছিল, যা গেট পর্যন্তও পৌঁছায়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পটুয়াখালীতে ৯ নেতার বাড়িতে হামলা ও পেট্রলবোমা নিক্ষেপ:-
পাঁচ জেলার মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত জেলা শহর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নয়জন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোডে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের তালাবদ্ধ বাড়িতে আগুন দেওয়া হলে দোতলার কয়েকটি কক্ষের আসবাব ও মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর পরপরই একই এলাকায় নিষিদ্ধ শ্রমিক লীগের জেলা সহসভাপতি খলিলুর রহমানের বাসার দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় হামলাকারীরা।

রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের পিডিএস মাঠ-সংলগ্ন বাসার সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে আতঙ্কে ওই ভবনের আটটি ভাড়াটে পরিবার রাতেই বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। গভীর রাতে শহরের পুরান বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার এবং সহসভাপতি সুলতান আহমেদের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার সময় গোলাম সরোয়ারের স্ত্রী লুৎফুরনেছা তাঁর দেড় বছরের শিশুসন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। এ ছাড়া রাত ১১টার দিকে টাউন জৈনকাঠি এলাকায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের বাড়িতে এবং রাত ১২টার দিকে সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়; পরদিন সকালে হুমায়ুন চৌধুরীর একটি খাবার হোটেলও বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শিয়ালি গ্রামে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক প্রশাসক খলিলুর রহমান মোহনের বাড়িতে আগুন দিলে আসবাবসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ অধিকারী দুটি ভবনের আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করেছেন এবং সদর থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।

ফেনীতে সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে আগুন ও পিকআপ ভস্মীভূত:-
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে বৃহস্পতিবার ভোর চারটার দিকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দী রহিম উল্লাহর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভুক্তভোগীর ভগ্নিপতি রফিকুল ইসলাম অভিযোগ করেন, ভোররাতে ২০ থেকে ২৫ জন সশস্ত্র দুর্বৃত্ত দেয়াল টপকে ভেতরে ঢুকে দরজা ভেঙে ভাঙচুর চালায় এবং মূল্যবান মালামাল লুট করে। পরে পেট্রল ঢেলে দোতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষ ও সামনে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে আগুন জ্বলতে এবং নারী-পুরুষের আর্তচিৎকার শোনা গেছে। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাসিম জানান, আগুনে খাট, সোফা, চেয়ার-টেবিল ও পিকআপের সামনের অংশ পুড়ে গেছে, তবে লুটপাটের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ময়মনসিংহে মার্কেট গুঁড়িয়ে দেওয়া ও সাবেক এমপির বাসায় আগুন:-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার রাতে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুস ছাত্তার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সামি উসমান গণির মালিকানাধীন দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই রাতে থানা রোডে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের বাসভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি; লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে নগর সভাপতির বাসাসহ দুটি ভবনে হামলা:-
চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় বুধবার মধ্যরাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবন ‘জহুর আহমেদ চৌধুরী টাওয়ার’-এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসে প্রথমে মাহতাব চৌধুরীর বাসা মনে করে পাশের ‘সাঈদা নিবাস’ ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ভুল বুঝতে পেরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলার কাচ এবং নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর কক্ষ ভাঙচুর করে পালিয়ে যায়। চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা কাচের টুকরা উদ্ধার করেছে, তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।