সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › আইনি মারপ্যাঁচে শেখ হাসিনার প্রত্যর্পণ

আইনি মারপ্যাঁচে শেখ হাসিনার প্রত্যর্পণ

favicon
উপচার ডেস্ক :-
আইনি মারপ্যাঁচে শেখ হাসিনার প্রত্যর্পণ

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার আইনি পরামর্শকদের ইমেইল পাঠানোর পর নতুন করে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শেখ হাসিনাকে কেবল দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতাতেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল ঢাকা। পরবর্তী সময়ে নির্বাচিত বিএনপি সরকারও একই অবস্থানে অনড় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফেরানোর কথা বলছে। তবে নয়াদিল্লি শুরু থেকেই বিষয়টিকে একটি দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া হিসেবে অভিহিত করে আসছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও পুনর্ব্যক্ত করেছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইন ও বিচারব্যবস্থার সাথে সম্পৃক্ত এবং প্রচলিত আইন অনুযায়ীই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মূলত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশে ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ কার্যকর রয়েছে। এই আইনের অধীনে বর্তমানে ভারত ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি বলবৎ আছে। ২০১৩ সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়, যার আওতায় পরবর্তীতে বাংলাদেশ উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় এবং ভারত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ২০১৬ সালে চুক্তিটির একটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করা হয়। সংশোধিত নিয়ম অনুযায়ী, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার ক্ষেত্রে অনুরোধকারী দেশকে প্রাথমিক পর্যায়ে অভিযোগের সপক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ দাখিল করতে হয় না; বরং সংশ্লিষ্ট আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে বিবেচনা করা হয়।

প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পর্কে সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রত্যর্পণ একটি অত্যন্ত সংবেদনশীল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা বিদেশে সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেফতার হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত নিজ দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্তাবলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে থাকা চুক্তির দুই নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ আছে, উভয় রাষ্ট্রের আইন অনুযায়ী যেসব অপরাধের শাস্তি কমপক্ষে এক বছর বা তার বেশি কারাদণ্ড, সেগুলো প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি কর বা রাজস্ব সংক্রান্ত আর্থিক অপরাধও এর অন্তর্ভুক্ত। এছাড়া কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, প্ররোচনা, উসকানি বা সহযোগী হিসেবে অংশগ্রহণ করলেও সংশ্লিষ্ট ব্যক্তির প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে। তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির কার্যকলাপ আংশিক বা সম্পূর্ণভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও যদি তার ফলাফল অনুরোধকারী রাষ্ট্রে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে সেক্ষেত্রেও প্রত্যর্পণ কার্যকর হতে পারে।

তবে শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে সবচেয়ে বড় আইনি বিতর্ক তৈরি হয়েছে চুক্তির ৬ এবং ৮ নম্বর অনুচ্ছেদ ঘিরে। শেখ হাসিনার সমর্থক ও আইনজীবীরা চুক্তির ৬ নম্বর ধারাকে সামনে এনে দাবি করছেন যে, এই ধারার কারণে ভারত আইনত তাকে হস্তান্তর করতে বাধ্য নয়। ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি যদি ‘রাজনৈতিক চরিত্রের’ হয় তবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র তা প্রত্যাখ্যান করতে পারে। অবশ্য এই ধারার একটি ব্যতিক্রমী শর্তও রয়েছে। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে, হত্যা, অনিচ্ছাকৃত নরহত্যা, মানুষের জীবন বিপন্নকারী বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র মজুত রাখা, অপহরণ, বলপূর্বক গুম, বেআইনি আটক, জিম্মি করা কিংবা হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার মতো গুরুতর ফৌজদারি অপরাধগুলো কখনোই ‘রাজনৈতিক অপরাধ’ হিসেবে বিবেচিত হবে না।

অন্যদিকে, চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের আরও কিছু সুনির্দিষ্ট ভিত্তি রাখা হয়েছে। এই ধারা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে এই মর্মে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা হলে তা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তবে সেই রাষ্ট্র প্রত্যর্পণের অনুরোধ নাকচ করে দিতে পারে। এছাড়া অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলে প্রতীয়মান হলেও প্রত্যর্পণ আটকে যাওয়ার সুযোগ রয়েছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর শেখ হাসিনা এক বিবৃতিতে ওই বিচার প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছিলেন, যা মূলত চুক্তির এই ৮ নম্বর ধারার আইনি সুবিধা নেওয়ারই ইঙ্গিত বহন করে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, চুক্তির এই ধারাগুলোই পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, চুক্তির ভেতরেই স্পষ্ট উল্লেখ আছে কোন ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না। সার্বিক পরিস্থিতি ও চুক্তির শর্তাবলি বিবেচনায় ভারতের দিক থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব হবে না বলেই তিনি মনে করেন। তবে শেখ হাসিনা নিজেই যেহেতু এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্য চেয়েছেন, তাই আগামী দিনগুলোতে এই ইস্যুটি কোন দিকে মোড় নেয় তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

সুত্র: বিবিসি