আসছে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা
দেশের পর্যটন খাতকে আধুনিক ও বিশ্বমানের রূপ দিতে দীর্ঘ প্রতীক্ষিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ আগামী ডিসেম্বরে উন্মোচন হতে পারে। চূড়ান্ত অনুমোদন পেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই দেশের প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারেন।
বিটিবি সূত্রে জানা গেছে, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও মহাপরিকল্পনা প্রকাশের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে বাকি। বিটিবির সিইও আশা প্রকাশ করে বলেন, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পর্যটন মহাপরিকল্পনাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়া সম্ভব হবে। এরপর জাতীয় পর্যটন কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই এর মাঠপর্যায়ের বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির চূড়ান্ত করা মহাপরিকল্পনার মূল কপি হাতে পাওয়ার আশা করছে বিটিবি। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও স্ক্রুটিনি শেষ করা গেলে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী বা কোনো বিশেষ সেশনে প্রধানমন্ত্রী এটি দেশবাসীর সামনে তুলে ধরবেন।
২০১৯ সালে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হলেও করোনা মহামারি, প্রশাসনিক জটিলতা ও নীতিগত পর্যালোচনার কারণে এর কাজ দীর্ঘদিন ঝুলে ছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই পরিকল্পনা আলোর মুখ দেখতে যাচ্ছে, যা দেশের পর্যটন বিকাশে একটি ঐতিহাসিক মাইলফলক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ইতিমধ্যে এই পরিকল্পনাকে সফল করতে অংশীজনদের সাথে মতবিনিময় শুরু হয়েছে। পর্যটন খাতের উদ্যোক্তা ও ট্যুর অপারেটরদের মতে, এই উদ্যোগের যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজন শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা। পরিবেশগত স্থায়িত্ব রক্ষা করে বেসরকারি খাতের অংশগ্রহণ ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারলে এটি দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে বিশ্ব দরবারে গড়ে তোলা। পরিকল্পনায় দেশের ৮টি বিভাগের মোট ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও প্রাকৃতিক-সাংস্কৃতিক আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের অবকাঠামো উন্নয়ন, পর্যটন পণ্য বহুমুখীকরণ, গন্তব্য ব্যবস্থাপনা (ডিএমও), আধুনিক বিপণন ও দক্ষ মানবসম্পদ তৈরির বিস্তারিত প্রস্তাব করা হয়েছে।
এই মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে বার্ষিক ৫৫ লাখ ৮০ হাজার বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য, ধর্মীয় উৎসব, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক পর্যটন, গ্রামীণ ঐতিহ্য, ক্রুজ ট্যুরিজম এবং ‘মাইস’ (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগ ও পর্যটক আকৃষ্ট করতে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে এতে।