শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ চান স্পিকার

১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ চান স্পিকার

favicon
উপচার ডেস্ক :-
১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ চান স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রথার পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

অনুষ্ঠানে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা উচিত, কারণ আজকের নারীরা মেধা ও যোগ্যতায় কোনোভাবেই পিছিয়ে নেই। চলমান সংসদে নারী সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন, এবারের সংসদে নারীরা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। তাদের মধ্যে ব্যারিস্টার, চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার কৃতী নারীরা রয়েছেন, যাদের জ্ঞান ও সংসদীয় আচরণ অত্যন্ত প্রশংসনীয়।

নারীশিক্ষার অগ্রযাত্রার প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, এ দেশে নারীশিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান রয়েছে। তিনিই প্রথম মেয়েদের মাধ্যমিক (এসএসসি) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় এবার মেয়েদের স্নাতক (বিএ) পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন এবং সরকারপ্রধানকে অনুরোধ জানাবেন বলেও ঘোষণা দেন তিনি।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গৌরবময় ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অসামান্য অবদান রয়েছে এবং জাতি চিরকাল এই কৃতিত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য এবং এই বিদ্যালয় থেকে অসংখ্য কৃতী শিক্ষার্থী বের হয়ে দেশ-বিদেশে আলো ছড়াচ্ছেন। বিদ্যালয় শিক্ষার্থীদের অনেক কিছু দিয়েছে, এখন তাদেরও প্রতিষ্ঠানটিকে কিছু দেওয়ার পালা। এ সময় তিনি অর্থাভাবে যেসব মেধাবী শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

নিজের কৈশোর ও স্কুলজীবনের স্মৃতিচারণা করে স্পিকার বলেন, স্কুলজীবনের মধুর স্মৃতি কেউ কখনো ভুলতে পারে না। তিনি পাশের বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন উল্লেখ করে জানান, সে সময় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে কোনো ধরনের জটলা বা বিশৃঙ্খলা দেখা যেত না; তখনকার শিক্ষার পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আদর্শিক।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। স্মৃতিচারণা ও আলোচনা পর্বে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষক জাহানারা বেগম, অধ্যাপক শাহ সাজেদা এবং শামীমা মাসুদ মুন্নিসহ অনেকে।

এর আগে সকালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরীর কাকলীর মোড়, নগর ভবন ও বিবির পুকুরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শতবর্ষপূর্তির এই মহামিলনমেলা ঘিরে উৎসবের সাজে সাজানো হয় পুরো ক্যাম্পাস। গোলাপি রঙে সজ্জিত ভবন আর দেয়ালে আঁকা নান্দনিক আলপনায় তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। প্রাক্তনীদের উচ্ছ্বাস, আবেগঘন স্মৃতিচারণা, শিক্ষাবৃত্তি প্রদান আর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয়ের শত বছরের সোনালি অধ্যায়।