শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: রুহুল কবির রিজভী

প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: রুহুল কবির রিজভী

favicon
উপচার ডেস্ক :-
প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: রুহুল কবির রিজভী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ‘প্রত্যাবর্তন’ নয়, বরং আইনি ও আন্তর্জাতিক ‘প্রত্যর্পণ’ প্রক্রিয়া প্রযোজ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা ও আদালতের সাজা থাকলে তাঁকে অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রত্যর্পণ চুক্তির আইনি ব্যাখ্যা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ কখনোই এক বিষয় নয়। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা ও সাজা থাকলে তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই সেই চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁকে ফিরিয়ে আনতে হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সেদিন সিপাহি ও জনতা একসঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। ৭ নভেম্বরের সেই অবিনাশী চেতনা যুগে যুগে এ দেশের মানুষকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও তখন জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তীতে ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়েই দেশে নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।

দেশের সার্বভৌমত্ব ও পররাষ্ট্রনীতির বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। এ দেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, কোনো একক বা ফ্যাসিবাদী শাসন আর চলবে না।

গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীরা স্বতন্ত্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কেবল কারও স্ত্রী, বোন কিংবা পরিবারের সদস্য হিসেবে নয়; বরং তাঁরা নিজেদের সচেতন অবস্থান থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এ সময় অনেক নারী নেতাকর্মী গ্রেপ্তার, নির্যাতন ও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের আহ্বান জানিয়ে রিজভী বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ, নতুন নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ক্ষেত্রে জাতীয়তাবাদী মহিলা দলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তা তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ব্যাপকভাবে সহায়তা করবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।