রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চুরির ৮ মাস-টাকা নেওয়ার পরও বসেনি ট্রান্সফরমার

চুরির ৮ মাস-টাকা নেওয়ার পরও বসেনি ট্রান্সফরমার

favicon
শাহিনুর রহমান সুজন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
চুরির ৮ মাস-টাকা নেওয়ার পরও বসেনি ট্রান্সফরমার
ট্রান্সফরমার চুরির আট মাস পরও অচল পড়ে রয়েছে চারঘাটের বরকতপুর মৌজায় বিএমডিএর গভীর নলকূপটি।

রাজশাহীর চারঘাটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির আট মাস পেরিয়ে গেলেও সেচ কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। এতে চলতি মৌসুমে প্রায় ১০০ কৃষকের দেড়শ বিঘা জমিতে ধান চাষ ব্যাহত হয়েছে। সেচের অভাবে জমিগুলো অনাবাদি পড়ে থাকায় ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, নলকূপটি দ্রুত চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে ট্রান্সফরমার চুরির পর নলকূপের দুই চালকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতি ও পরিচালক শাহাদত হোসেনের বিরুদ্ধে। চালকদের দাবি, চুরির ঘটনায় তাঁদের দায়ী করে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা নেওয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে নতুন ট্রান্সফরমার কিনে সেচ কার্যক্রম চালুর আশ্বাস দেওয়া হলেও আট মাসেও তা বাস্তবায়িত হয়নি। তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন শাহাদত হোসেন। তাঁর দাবি, দুই চালকের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়েছিল ট্রান্সফরমার কেনা ও নলকূপ চালুর উদ্দেশ্যে।

চালকদের দাবি ও সভাপতির স্বীকারোক্তিতে টাকার পরিমাণে ৩০ হাজার টাকার পার্থক্য রয়েছে। আদায় করা অর্থ কোথায়, কীভাবে ব্যয় হয়েছে, ট্রান্সফরমার কেনার উদ্যোগ কেন নেওয়া হয়নি এবং কৃষকদের ক্ষতির দায় কে নেবে-এসব প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়।

উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর মৌজায় অবস্থিত বিএমডিএর এই গভীর নলকূপটি প্রায় ২৪ বছর আগে স্থাপন করা হয়। শতাধিক কৃষকের অংশগ্রহণে পরিচালিত সেচ প্রকল্পটির মাধ্যমে এলাকার কৃষিজমিতে পানি সরবরাহ করা হতো। প্রায় আট মাস আগে দুর্বৃত্তরা নলকূপটির তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এরপর থেকেই বন্ধ রয়েছে পুরো সেচ কার্যক্রম।

গত শনিবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নলকূপ এলাকায় বিদ্যুতের খুঁটি থাকলেও সেখানে কোনো ট্রান্সফরমার নেই। নলকূপের ঘরটি তালাবদ্ধ। চারপাশ আগাছা ও জঙ্গলে ছেয়ে গেছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সেচ অবকাঠামোটি অচল পড়ে থাকলেও সেটি সচল করার দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে একদিকে কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে, অন্যদিকে সেচনির্ভর কৃষকেরা পড়েছেন অনিশ্চয়তায়।

নলকূপের দুই চালক মাজদার আলী ও নওশেদ আলীর অভিযোগ, ট্রান্সফরমার চুরির পর পরিচালনা কমিটির সভাপতি শাহাদত হোসেন তাঁদের দুজনকে চুরির ঘটনায় দায়ী করে ভয়ভীতি দেখান। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করতে পারেননি। পরে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে বলে দাবি তাঁদের। চালকদের ভাষ্য, দেড় লাখ টাকা নেওয়ার পর এক সপ্তাহের মধ্যে নতুন ট্রান্সফরমার কিনে নলকূপ চালু করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

চালক মাজদার আলী বলেন, “আমি ও নওশেদ আলী দুজন মিলে নলকূপটি পরিচালনা করতাম। প্রতিদিনের মতো একদিন নলকূপ বন্ধ করে ঘরে তালা দিয়ে চলে যাই। পরদিন সকালে চালু করতে এসে দেখি তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এরপর পরিচালক শাহাদত হোসেন আমাদের দুজনকে চুরির জন্য দায়ী করে ভয়ভীতি দেখান। এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা প্রতিবাদ করতে পারিনি। বাধ্য হয়ে দেড় লাখ টাকা দিয়েছি। এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমার কিনে নলকূপ চালু করার কথা থাকলেও আট মাস পার হয়ে গেছে, এখনো চালু হয়নি।”

অন্যদিকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি শাহাদত হোসেন। তিনি বলেন, “এই সেচ প্রকল্প এলাকার শতাধিক কৃষকের জীবিকার সঙ্গে জড়িত। আগে আমার বাবা এটি দেখাশোনা করতেন, এখন আমি করি। আট মাস আগে ট্রান্সফরমার চুরি হওয়ার পর নলকূপের দুই চালক মাজদার আলী ও নওশেদ আলীর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়েছে। ট্রান্সফরমার কেনা ও নলকূপ চালু করার জন্যই টাকা নেওয়া হয়েছিল। খুব দ্রুতই অফিসের সঙ্গে যোগাযোগ করে ট্রান্সফরমারগুলো লাগানো হবে।”

তবে চালকদের দাবি, তাঁরা দেড় লাখ টাকা দিয়েছেন। আর সভাপতির বক্তব্য অনুযায়ী, নেওয়া হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ দুই পক্ষের বক্তব্যে ৩০ হাজার টাকার অমিল রয়েছে। এ অর্থের প্রকৃত পরিমাণ, গ্রহণের সময়, অর্থ হস্তান্তরের প্রমাণ এবং ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। টাকা নেওয়ার পরও কেন ট্রান্সফরমার কেনা হয়নি, তা নিয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন।

নলকূপটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষকেরা। জমিতে সময়মতো সেচ দিতে না পারায় চলতি মৌসুমে ধান আবাদ করতে পারেননি অনেকেই। এতে তাঁদের সম্ভাব্য ফসল উৎপাদন, পারিবারিক আয় ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

নলকূপের সদস্য কৃষক রাসেল বলেন, “এই গভীর নলকূপের আওতায় আমার পাঁচ বিঘা জমি রয়েছে। নলকূপটি আট মাস ধরে বন্ধ থাকায় জমিগুলো অনাবাদি পড়ে আছে। চলতি মৌসুমে এক বিঘা জমিতেও ধান আবাদ করতে পারিনি। ধান উৎপাদন করতে না পারায় পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। বাজারে চালের দামও অনেক বেশি। বাইরে থেকে চাল কিনে সংসার চালানোর মতো সামর্থ্য আমাদের নেই। দ্রুত নলকূপটি চালু না হলে আমাদের মতো কৃষকদের আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, একটি সেচ প্রকল্পের ওপর নির্ভরশীল শতাধিক কৃষকের জমি দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সমাধানের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাঁদের মতে, সময়মতো ট্রান্সফরমার প্রতিস্থাপন করা গেলে চলতি মৌসুমে অন্তত কিছু জমিতে ধান চাষ করা সম্ভব হতো। এখন শুধু একটি সেচ প্রকল্প বন্ধ থাকার ক্ষতিই নয়, কৃষকদের উৎপাদন ও পারিবারিক অর্থনীতিও সংকটে পড়েছে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, “একটি সেচ প্রকল্প আট মাস ধরে বন্ধ থাকায় প্রায় ১০০ জন কৃষকের দেড়শ বিঘা জমি অনাবাদি পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির কারণে দীর্ঘদিন ধরে সেচ কার্যক্রম বন্ধ থাকায় কৃষকেরা চলতি মৌসুমে জমিতে ধান আবাদ করতে পারেননি। এতে তাঁদের শুধু একটি মৌসুমের ফসলই নষ্ট হয়নি, বরং পারিবারিক আয়-রোজগার ও জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো সেচ নিশ্চিত করা না গেলে কৃষকদের উৎপাদনব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সেচ প্রকল্পটি সচল করে কৃষকদের চাষাবাদের আওতায় ফিরিয়ে আনা জরুরি।”

কৃষি কর্মকর্তার বক্তব্যে স্পষ্ট, সেচ প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয় কৃষিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে প্রকল্পটি চালু না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকেরা কীভাবে বিকল্প সেচের ব্যবস্থা করবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিএমডিএর চারঘাট, বাঘা ও পুঠিয়া সার্কেলের প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। মাত্র এক মাস হয়েছে। গভীর নলকূপটি আট মাস ধরে বন্ধ রয়েছে এবং সেচের অভাবে কৃষকেরা চাষাবাদ করতে পারেননি, এটি অত্যন্ত উদ্বেগজনক। আরও উদ্বেগের বিষয় হলো, নলকূপের দুই চালকের কাছ থেকে টাকা নেওয়া হলেও নতুন ট্রান্সফরমার কেনা হয়নি এবং সেচ কার্যক্রমও চালু করা হয়নি বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি আগে আমার জানা ছিল না। এখন অবগত হয়েছি। দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নলকূপটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।”

অন্যদিকে চারঘাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আশাদুজ্জামান বলেন, বিএমডিএর পক্ষ থেকে এখন পর্যন্ত তাঁদের কাছে কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি। এ বিষয়ে কেউ যোগাযোগও করেননি। বিএমডিএ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দুই প্রতিষ্ঠানের বক্তব্যে সেচ প্রকল্পটি পুনরায় চালুর ক্ষেত্রে সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে। বিএমডিএর প্রকৌশলী জানিয়েছেন, তিনি নতুন যোগদান করায় আগে বিষয়টি জানতেন না। অন্যদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ট্রান্সফরমার প্রতিস্থাপনের বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো আবেদন আসেনি। ফলে আট মাস ধরে প্রকল্পটি বন্ধ থাকার পেছনে প্রশাসনিক যোগাযোগ ও উদ্যোগের ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

একটি সরকারি সংস্থার সেচ অবকাঠামো দীর্ঘ আট মাস অচল থাকার পরও কেন ট্রান্সফরমার প্রতিস্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিচালনা কমিটির সভাপতি নিজেই চালকদের কাছ থেকে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু সেই অর্থের সুনির্দিষ্ট হিসাব, ট্রান্সফরমার কেনার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং কেন প্রতিশ্রুতি অনুযায়ী সেচ কার্যক্রম চালু করা যায়নি-এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

এ ছাড়া ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় মামলা বা সাধারণ ডায়েরি করা হয়েছিল কি না, চুরির তদন্তে কী অগ্রগতি হয়েছে, চালকদের কাছ থেকে অর্থ নেওয়ার কোনো লিখিত প্রমাণ বা রসিদ রয়েছে কি না এবং পরিচালনা কমিটির আর্থিক কার্যক্রমের হিসাব সংরক্ষিত আছে কি না, সেসব বিষয়ও যাচাই করা জরুরি।

সবচেয়ে বড় প্রশ্ন, একটি সেচ প্রকল্প বন্ধ থাকার কারণে প্রায় ১০০ কৃষকের দেড়শ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যাহত হলো। এই ক্ষতির দায় কে নেবে? অর্থ আদায়ের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ট্রান্সফরমার চুরির ঘটনার অনুসন্ধান এবং দ্রুত সেচ কার্যক্রম চালুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়। কৃষকের জমিতে আবার সেচের পানি পৌঁছানোই হওয়া উচিত সংশ্লিষ্ট সব পক্ষের তাৎক্ষণিক অগ্রাধিকার।