রাজশাহীতে মাদক সেবনের সময় পুলিশ সদস্য মেহেদী হাসান আটক
রাজশাহী মহানগরীর হেতেম খাঁ লিচুবাগান মসজিদ সংলগ্ন এলাকায় মাদক সেবনের অভিযোগে মেহেদী হাসান নামে এক পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় একটি ইয়াবা, তিনটি সিগারেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন তাঁরা। মেহেদী হাসান এর আগে রাজশাহীর চারঘাট থানায় কর্মরত ছিলেন। মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তাঁকে বরখাস্ত করে রাজশাহী জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভি নামে এক তরুণের বাসায় মাদক সেবনের উদ্দেশ্যে যাতায়াত করতেন মেহেদী হাসান। এ সময় তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও স্থানীয়দের মধ্যে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছেন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভির বাসায় গেলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান অভি। পরে বাসার ভেতরে একটি ইয়াবা, তিনটি সিগারেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম দেখতে পান তাঁরা।
তিনি আরও জানান, বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে এলাকাবাসী মেহেদী হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা জয় বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ জন্য এলাকায় মাইকিং করার পাশাপাশি তরুণদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়। কিন্তু বাইরের কিছু ব্যক্তি প্রভাবশালী পরিচয় ব্যবহার করে এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। মাদকবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, মেহেদী হাসানের বিরুদ্ধে এর আগেও একজন সাংবাদিককে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় সাংবাদিকরা তাঁকে আটক করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় সোপর্দ করেছিলেন বলে জানা গেছে। পরে ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ার পর থানা থেকে মুক্তি পান তিনি।
একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবন, পরিচয়ের অপব্যবহার এবং সাংবাদিককে হয়রানি করে অর্থ আদায়ের মতো একাধিক অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে অতীতে চারঘাট থানায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ উঠেছিল এবং সেসব অভিযোগের ভিত্তিতে তাঁকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এই প্রতিবেদনের আরও বিস্তারিত নিয়ে আসছি ........