রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি, রাজশাহীতে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি, রাজশাহীতে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :
দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি, রাজশাহীতে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সমাচারের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ৫০ বছর পূর্ণ করেছে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘সমাচার’। পত্রিকাটির সুবর্ণজয়ন্তী ও ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা নিয়ে মতামত তুলে ধরেন।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে দৈনিক সমাচারের রাজশাহী কার্যালয়ের উদ্যোগে নগরীর স্থানীয় দৈনিক ‘উত্তরা প্রতিদিন’ পত্রিকার হলরুমে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা প্রতিদিন পত্রিকার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। হাফেজ হাবিবুল্লাহর তিলাওয়াতের পর দৈনিক সমাচারের দীর্ঘ পাঁচ দশকের পথচলা, সংবাদ প্রকাশে সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতার গুরুত্ব, গণতান্ত্রিক সমাজে সংবাদপত্রের ভূমিকা এবং আঞ্চলিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরোপ্রধান আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান এবং দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, একটি সংবাদপত্রের অর্ধশতাব্দী পূর্ণ করা নিঃসন্দেহে বড় অর্জন। শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে দৈনিক সমাচার ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং নৈতিক সাংবাদিকতার চর্চা জোরদারে পত্রিকাটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সংবাদপত্রের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; সমাজের অসংগতি তুলে ধরা, জনস্বার্থের বিষয়গুলো সামনে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়াও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দীর্ঘ ৫০ বছরের পথচলায় দৈনিক সমাচার এ দায়িত্ব পালনের যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদমাধ্যম এখন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। অনলাইনভিত্তিক তথ্যপ্রবাহের এই সময়ে পাঠকের আস্থা ধরে রাখতে সংবাদ যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার বিকল্প নেই। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দৈনিক সমাচারের ৫০ বছরে পদার্পণ একটি উল্লেখযোগ্য অর্জন। বিশেষ করে আঞ্চলিক সংবাদ ও তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে রাজশাহী কার্যালয়ের উদ্যোগ প্রশংসনীয়।

দৈনিক ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান বলেন, নিরপেক্ষতা, সাহসিকতা ও জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা একটি সংবাদপত্রের অন্যতম শক্তি। দৈনিক সমাচার দীর্ঘ পাঁচ দশক ধরে মানুষের কথা তুলে ধরার যে যাত্রা অব্যাহত রেখেছে, তা প্রশংসার দাবি রাখে। সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় পত্রিকাটির ভূমিকা আরও শক্তিশালী হবে-সুবর্ণজয়ন্তীতে এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার রিমন রহমান, ডেইলি স্টারের সিনিয়র ফটোসাংবাদিক আজহারউদ্দিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, দৈনিক উপচারের যুগ্ম-সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, দৈনিক সোনালী সংবাদের মফস্বল সম্পাদক জগদীশ, দৈনিক সানশাইনের ফটোসাংবাদিক শাহীন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, শফিকুল আলম ইমন, ভয়েস বাংলার রাজশাহী প্রতিনিধি মামুন রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক সানোয়ার আরিফ, সাংবাদিক সুরুজ এবং বিজয়বাংলা নিউজের মাল্টিমিডিয়া স্টাফ জেসিকা শেখসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

সুবর্ণজয়ন্তীর এ আয়োজন কেবল একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়; বরং দীর্ঘদিনের সাংবাদিকতা, পেশাগত অভিজ্ঞতা ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য বিনিময়েরও উপলক্ষ হয়ে ওঠে। বক্তারা আশা প্রকাশ করেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মধ্য দিয়ে দৈনিক সমাচার আগামী দিনেও পাঠকের আস্থা ধরে রাখবে।