চার সাবেক ডিসি ও ছয় এডিসিসহ ১৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নরসিংদী অংশে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি শক্তিশালী সিন্ডিকেট মহাদুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছিল। ভূমি মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে নরসিংদীর চার সাবেক জেলা প্রশাসক (ডিসি), ছয় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) এবং আটজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার (এলএও) বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের বিস্তারিত তথ্যপ্রমাণ উঠে এসেছে।
প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত এই ভয়াবহ দুর্নীতির বিষয়ে জাতীয় দৈনিক যুগান্তরে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং চলতি বছরের ২৬ এপ্রিল ধারাবাহিক চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো প্রকাশের পর প্রশাসনে তোলপাড় শুরু হলে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে গত ৩০ এপ্রিল ভূমি মন্ত্রণালয় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবানবন্দি গ্রহণ, তিন দফা সরেজমিন পরিদর্শন এবং জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র ও দলিল-দস্তাবেজ চুলচেরা বিশ্লেষণ করে। তদন্তের প্রতিটি ধাপে গণমাধ্যমে প্রকাশিত তথ্যপ্রমাণ যাচাই করে এর সত্যতা পান কর্মকর্তারা। পরবর্তীতে গত ১৬ আগস্ট ভূমি মন্ত্রণালয় থেকে ৭০ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তদন্ত কমিটির পর্যবেক্ষণে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে দায়িত্ব পালনকারী চার সাবেক জেলা প্রশাসকের মেয়াদে ভূমি অধিগ্রহণে ব্যাপক অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত চার সাবেক ডিসি হলেন সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫)। বর্তমানে এই চার কর্মকর্তাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। তদন্ত কমিটির মতে, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসকের দায়িত্ব কেবল প্রশাসনিক অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অধিগ্রহণের নোটিশ জারি, যৌথ তদন্ত, ফিল্ডবুক প্রস্তুত, জমির শ্রেণি পরিবর্তন ও নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন এবং ক্ষতিপূরণের অর্থ বিতরণের পুরো প্রক্রিয়ায় নিবিড় তদারকির দায়িত্ব তার ওপর বর্তায়। কিন্তু এই চার জেলা প্রশাসকের সময়ে এসব প্রক্রিয়ায় চরম অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ মিলেছে। ফলে তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যক্তিগত দায় নির্ধারণের সুপারিশ করেছে কমিটি।
একই সময়ে অর্থাৎ ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালনকারী ছয় কর্মকর্তার বিরুদ্ধেও গুরুতর অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তারা হলেন মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ এবং মোহাম্মদ নাজমুল হাসান। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাদের দায়িত্বকালে ভূমি অধিগ্রহণের বিভিন্ন ধাপে ত্রুটিপূর্ণ নথি সৃজন, অসামঞ্জস্যপূর্ণ ক্ষতিপূরণ নির্ধারণ এবং প্রশাসনিক তদারকিতে চরম ঘাটতি ছিল। তাদের দায়িত্বকালের অনিয়মের দায় নির্ধারণ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া অপর দুই সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের দায়িত্বকালীন নথিপত্রে অনিয়মের বিষয়ে কমিটি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তাদের বিষয়ে অধিকতর অনুসন্ধানের সুপারিশ করেছে।
তদন্তে সাবেক এডিসি অঞ্জন দাশের বিরুদ্ধে একটি পৃথক ও গুরুতর অপরাধের অকাট্য প্রমাণ মিলেছে। অনুসন্ধানী সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রতিবেদককে উৎকোচ বা ঘুষ দেওয়ার চেষ্টার বিষয়টি অডিও রেকর্ড ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ পর্যালোচনায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই জঘন্য অপরাধের দায়ে অঞ্জন দাশের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরের জন্য অভিযোগ পাঠানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি।
এদিকে, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদী জেলা প্রশাসনে দায়িত্ব পালনকারী ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার (এলএও) নথিপত্র যাচাই করে আটজনের বিরুদ্ধে বিভিন্ন এলএ কেসে সরাসরি অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে কমিটি। অভিযুক্ত আট কর্মকর্তা হলেন মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক এবং আসমাউল হুসনা পিংকি। প্রতিবেদনে বলা হয়েছে, এই আট কর্মকর্তার দায়িত্বকালে অধিগ্রহণের বিভিন্ন কার্যক্রমে ব্যাপক ত্রুটিবিচ্যুতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। তাদের প্রত্যেকের দায়িত্বকাল, নির্দিষ্ট এলএ কেস এবং দুর্নীতিতে ভূমিকার গভীরতা যাচাই করে চূড়ান্ত দায় নির্ধারণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।