বুধবার, 11 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাটে দান করা জমি ব্যক্তির নামে
বিক্রি কলেজ ভবন!

চারঘাটে দান করা জমি ব্যক্তির নামে

favicon
শাহিনুর রহমান সুজন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
চারঘাটে দান করা জমি ব্যক্তির নামে
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী বাজারসংলগ্ন মনোরম পরিবেশে গড়ে উঠেছিল নন্দনগাছী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। চারদিকে সবুজের সমারোহ, সামনে প্রবেশপথ, ভেতরে সারি সারি শ্রেণিকক্ষ এবং ইট ও টিনের তৈরি ভবন। বাইরে থেকে দেখলে একটি সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান বলেই মনে হয়। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ, নেই শিক্ষক-শিক্ষার্থী, নেই শিক্ষা কার্যক্রম। কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পাশের এক কিশোরের কাছে জানতে চাইলে সে জানায়, আগে এখানে ক্লাস হতো। কিন্তু প্রায় তিন বছর ধরে কোনো লেখাপড়া হয় না। প্রতিষ্ঠানটি এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি মাঝেমধ্যে এখানে আসেন। তবে এখন আর কোনো শিক্ষা কার্যক্রম চলে না।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন পরিণতির নেপথ্যে উঠে এসেছে জমি ও ভবন বিক্রি, দান করা জমি ব্যক্তির নামে নামজারি এবং নিয়োগের নামে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম মজনুর বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা, জমিদাতা ও চাকরিপ্রত্যাশীরা।

অভিযোগের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ২০২৩ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে তিন বছরের জন্য পাঠদানের অনুমতি পাওয়ার পরও ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ৩০ শতক জমিসহ ভবনের অংশ এক কোটি টাকায় বিক্রি করা হয়েছে। অন্যদিকে, প্রতিষ্ঠানের জন্য দান করা ৪৫ শতক জমি পরবর্তী সময়ে অধ্যক্ষের নামে নামজারি করার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়ার নামে প্রায় চার কোটি টাকা লেনদেনের অভিযোগও সামনে এসেছে।

স্থানীয়দের দাবি, চাকরির আশায় টাকা দেওয়া ব্যক্তিদের অনেকেই এখনো নিয়োগ পাননি কিংবা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থলে যোগ দিতে পারেননি। তাঁদের কেউ কেউ টাকা ফেরত পেতে অধ্যক্ষের কাছে ঘুরছেন। অন্যদিকে, জমিদাতাদের প্রশ্ন, এলাকার শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠানের নামে জমি দান করার পর সেই জমি কীভাবে ব্যক্তির নামে নামজারি হলো এবং পরে বিক্রি করা হলো? সব মিলিয়ে প্রতিষ্ঠানটির সম্পত্তি হস্তান্তর, নিয়োগ প্রক্রিয়া ও অর্থ লেনদেন নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৫ সালে নন্দনগাছী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন মো. মফিজুল ইসলাম মজনু। তিনি স্থানীয় নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রতিষ্ঠানটির EIIN নম্বর ১৩৯৮৪৭। একটি শিক্ষা-তথ্যভিত্তিক ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার তারিখ ৩ জানুয়ারি ২০১৫ উল্লেখ রয়েছে।

তবে প্রতিষ্ঠার প্রায় আট বছর পর ২০২৩ সালে প্রতিষ্ঠানটি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে নিম্নমাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। বোর্ডের ২১ নভেম্বর ২০২৩ তারিখের আদেশ অনুযায়ী, ১২ নভেম্বর ২০২৩ থেকে তিন বছরের জন্য এ অনুমতি দেওয়া হয়। বোর্ডের স্কুল মঞ্জুরি কমিটির ১৭ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত চতুর্থ সভা এবং ২১ অক্টোবর অনুষ্ঠিত বোর্ডের ২৫১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতিটি প্রদান করা হয়েছিল।

অর্থাৎ ২০২৫ সালে জমি ও ভবন বিক্রির অভিযোগ ওঠার সময়ও প্রতিষ্ঠানটির পাঠদানের অনুমতির মেয়াদ চলমান ছিল। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো, পরিচালনা কমিটির অনুমোদন ছিল কি না এবং শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।


প্রতিষ্ঠানটি গড়ে তুলতে বাসুপাড়া মৌজার ২৪৭ নম্বর দাগে মোট ৪৫ শতক জমি দান করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে আনছার আলী ৩৯ শতক এবং হুমায়ুন কবির ৬ শতক জমি দান করেন। তাঁদের দাবি, এলাকার শিক্ষা বিস্তার ও শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যে জমিগুলো প্রতিষ্ঠানের নামে দান করা হয়েছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে জমিগুলো প্রতিষ্ঠানের নামে নামজারি করা হয়। তখন হোল্ডিং নম্বর ছিল ১০৫৫ এবং খতিয়ান নম্বর ১৯৬৩।

কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের নামে থাকা জমির নামজারি পরিবর্তন করে মো. মফিজুল ইসলাম মজনু গংয়ের নামে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন নামজারিতে হোল্ডিং নম্বর ১১৮৯ এবং খতিয়ান নম্বর ২৫-১২০৫ উল্লেখ রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

এরপর ২০২৫ সালে প্রতিষ্ঠানটির জমি ও ভবনের অংশ বিক্রির অভিযোগ সামনে আসে। ক্রেতা নন্দনগাছী বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবিরের নামে করা নামজারিতে হোল্ডিং নম্বর ১২২৩ এবং খতিয়ান নম্বর ২০২৬-১০০০১৭ উল্লেখ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, প্রতিষ্ঠানের নামে দান করা জমির মালিকানা কীভাবে ব্যক্তির নামে পরিবর্তিত হলো? কোন আদালতের আদেশ বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নামজারি পরিবর্তন করা হয়েছে? জমি বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি কিংবা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালে প্রতিষ্ঠানটির জমি ও ভবনের ৩০ শতক অংশ এক কোটি টাকায় বিক্রি করা হয়। নন্দনগাছী বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবির ওই জমি কিনেছেন বলে জানা গেছে।

ক্রেতার বক্তব্য অনুযায়ী, তিনি জমির জন্য এক কোটি টাকা পরিশোধ করেছেন। তবে পুরো জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। এখন পর্যন্ত ৩০ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি ও নামজারি করতে পেরেছেন। বাকি জমির রেজিস্ট্রি নিয়ে কিছু জটিলতা রয়েছে।

এখানে প্রশ্ন উঠেছে, যে প্রতিষ্ঠানকে ২০২৩ সালে তিন বছরের জন্য পাঠদানের অনুমতি দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানের জমি ও অবকাঠামো ২০২৫ সালে কী প্রক্রিয়ায় বিক্রি করা হলো? শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রাখার দায়িত্ব কার ছিল? প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রির আগে যথাযথ অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

জমি ও ভবন বিক্রির অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠানটির নিয়োগ প্রক্রিয়া নিয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অধ্যক্ষ মফিজুল ইসলাম মজনু প্রতিষ্ঠানের বিভিন্ন পদে অন্তত ৩৭ জনকে নিয়োগ দেওয়ার কথা বলে প্রায় চার কোটি টাকা গ্রহণ করেছেন। তাঁদের অনেকেই চাকরির আশায় টাকা দিলেও প্রত্যাশিত নিয়োগ বা নিয়মিত বেতন পাননি।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক শিক্ষক বলেন, ‘শিক্ষক পদে নিয়োগ দেওয়ার কথা বলে অধ্যক্ষ মফিজুল ইসলাম মজনু আমার কাছ থেকে আট লাখ টাকা নিয়েছেন। আমাদের মধ্যে ১৫ লাখ টাকার চুক্তি হয়েছিল। বাকি টাকা কলেজ থেকে বেতন চালু হলে দেওয়ার কথা ছিল। এলাকার একটি কলেজে চাকরি করে জীবিকা নির্বাহের আশায় সরল বিশ্বাসে টাকা দিয়েছিলাম। কিন্তু এখন শুনছি, অধ্যক্ষ প্রতিষ্ঠানের জমি নিজের নামে নামজারি করে ভবনসহ বিক্রি করে দিয়েছেন। ফলে চাকরি তো হলোই না, জমা দেওয়া টাকাও ফেরত পাচ্ছি না। টাকা চাইতে গেলে তিনি কিছুদিনের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দেন। শুধু আমি নই, আমার মতো আরও অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’

মুংলি গ্রামের আল মামুন বলেন, ‘ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য অধ্যক্ষ মফিজুল ইসলাম মজনুর সঙ্গে ছয় লাখ টাকার চুক্তি হয়েছিল। যোগদানের সময় দুই লাখ টাকা দিয়েছি। বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল। আমার মতো আরও ৩৬ জন ডোনেশনের টাকা দিয়ে চাকরির জন্য চুক্তি করেছিলেন। এখন কলেজ বন্ধ। অধ্যক্ষ জানিয়েছেন, কলেজ আর চালু হবে না। শুনেছি, জমিসহ ভবন বিক্রি করে দেওয়া হয়েছে। বারবার টাকা ফেরত চাইলেও তিনি গুরুত্ব দিচ্ছেন না। আমি আমার টাকা ফেরত চাই।’

অভিযোগকারীদের দাবি, চাকরির প্রত্যাশায় তাঁরা বিভিন্ন সময়ে টাকা দিয়েছেন। কেউ পুরো টাকা, কেউ আবার চুক্তির অংশবিশেষ পরিশোধ করেছেন। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের চাকরি ও অর্থ—দুটিই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নন্দনগাছী ফকিরপাড়া গ্রামের জমিদাতা আনছার আলী ও হুমায়ুন বলেন, ‘নন্দনগাছী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষ মফিজুল ইসলাম মজনু আমাদের বারবার জমি দান করার অনুরোধ করেন। এলাকার শিক্ষা ও উন্নয়নের স্বার্থে কোটি টাকা মূল্যের জমি মাত্র ২৮ লাখ টাকা ধরে প্রতিষ্ঠানের নামে দান করি। আমাদের আশা ছিল, এখানে একটি কলেজ প্রতিষ্ঠিত হবে এবং এলাকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কিন্তু এখন শুনছি, প্রতিষ্ঠানের নামে দান করা জমি অধ্যক্ষ নিজের নামে নামজারি করে পরে ভবনসহ একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের জমি নিজের নামে নিয়ে বিক্রি করার অধিকার তাঁকে কে দিয়েছে? কলেজ প্রতিষ্ঠার নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মনে করি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জমি ও ভবন বিক্রির প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

জমিদাতাদের অভিযোগ, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে নয়, বরং এলাকার শিক্ষার পরিবেশ তৈরি ও জনকল্যাণের কথা বিবেচনা করেই তাঁরা জমি দান করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁদের সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি।

জমি ক্রয়ের বিষয়ে নন্দনগাছী বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, ‘জায়গাটি যে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছিল, তা আমি জানি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মফিজুল ইসলাম মজনুই আমাকে জায়গাটি বিক্রির প্রস্তাব দেন। আমি দলিলমূলে এক কোটি টাকা দিয়ে জায়গাটি কিনেছি। এখানে আমার দোষ কোথায়? কোনো অভিযোগ থাকলে অধ্যক্ষের কাছে যান, আমার কাছে কেন আসছেন? আমি পুরো জায়গাটি কিনেছি, তবে এখন পর্যন্ত ৩০ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করতে পেরেছি। বাকি জমির রেজিস্ট্রি নিয়ে কিছু জটিলতা রয়েছে। অধ্যক্ষ জানিয়েছেন, পরবর্তী সময়ে সেগুলোও রেজিস্ট্রি করে দেবেন। আমি টাকা দিয়ে জমি কিনেছি, তাই এ বিষয়ে আমাকে বারবার প্রশ্ন না করে যাঁর কাছ থেকে কিনেছি, তাঁর সঙ্গে কথা বলুন।’

নিয়োগের নামে অর্থ লেনদেন এবং প্রতিষ্ঠানের জমি-ভবন বিক্রির অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম মজনু বলেন, ‘যাদের নিয়োগ দিয়েছি, তাদের কাছ থেকে নেওয়া টাকার মাধ্যমেই প্রতিষ্ঠানের জমি কেনা ও ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। সরকার পরিবর্তনের পর আমি বুঝতে পারি, প্রতিষ্ঠানটি আর চালু রাখতে পারব না। তাই আদালতের মাধ্যমে রায় নিয়ে জমি নিজের নামে নামজারি করে বিক্রি করেছি। যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম, তাদের ধীরে ধীরে ফেরত দিচ্ছি। এখনো পুরো জমি ক্রেতার নামে রেজিস্ট্রি করে দিতে পারিনি। তবে কারও টাকা আত্মসাৎ করার ইচ্ছা আমার নেই। সবার টাকা পর্যায়ক্রমে ফেরত দিয়ে দেব।’

অধ্যক্ষের এ বক্তব্যের পর জমির মালিকানা পরিবর্তনে আদালতের আদেশের বিষয়টি সামনে এসেছে। তবে কোন আদালত, কী মামলায় এবং কী আদেশের ভিত্তিতে প্রতিষ্ঠানের নামে দান করা জমি ব্যক্তির নামে নামজারি করা হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট আদেশ ও নামজারি নথি যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নন্দনগাছী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জমি বিক্রি ও নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। আপনার কাছ থেকেই বিষয়টি প্রথম জানলাম। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, ‘প্রতিষ্ঠানটি স্থাপনের পর আমরা আশা করেছিলাম, এলাকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান হবে এবং শিক্ষার প্রসার ঘটবে। কিন্তু কিছুদিন পরই কলেজটি বন্ধ হয়ে যাওয়ার খবর পাই। নিয়োগের জন্য টাকা দেওয়া ব্যক্তিরা এখন টাকা ফেরত পেতে অধ্যক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন বলে শুনেছি। অন্যদিকে, প্রতিষ্ঠানের নামে দান করা জমি নিজের নামে নামজারি করে বিক্রির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা এলাকাবাসীর স্বার্থে প্রতিষ্ঠানটি পুনরায় চালু এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামে দান করা জমির মালিকানা পরিবর্তন, জমি ও ভবন বিক্রি এবং নিয়োগের নামে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ শুধু ব্যক্তিগত বিরোধের বিষয় নয়; এর সঙ্গে জনস্বার্থ, শিক্ষার অধিকার এবং প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনার প্রশ্ন জড়িত।

স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানের নামে দান করা ৪৫ শতক জমির মূল দানপত্র, পরবর্তী নামজারি মামলার আদেশ, আদালতের রায়, বিক্রয় দলিল, অর্থ লেনদেনের নথি এবং নিয়োগসংক্রান্ত কাগজপত্র যাচাই করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। পাশাপাশি রাজশাহী শিক্ষা বোর্ডের পাঠদানের অনুমতি, প্রতিষ্ঠানটির বর্তমান স্বীকৃতি ও কার্যক্রমের অবস্থা এবং জমি বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে, চাকরির আশায় অর্থ দেওয়া ব্যক্তিরা তাঁদের পাওনা ফেরত পাবেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।