মঙ্গলবার, 10 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে মশক নিধনে মাঠে রাসিক
তিন মাসের বিশেষ কর্মসূচি

রাজশাহীতে মশক নিধনে মাঠে রাসিক

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে মশক নিধনে মাঠে রাসিক
রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করছেন রাসিকের কর্মীরা।

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ বিশেষ কার্যক্রম চালু করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের লক্ষ্যে কীটনাশক স্প্রে করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

রাসিকের পরিচ্ছন্নতা বিভাগের পরিকল্পনা অনুযায়ী, নগরীর বিভিন্ন ওয়ার্ডে ড্রেন, স্লাব, ভূগর্ভস্থ নালা, ডোবা, ঝোপঝাড় ও জঙ্গলসহ মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এসব স্থানে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর পাশাপাশি মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া ৩০টি ওয়ার্ডের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। নাগরিকদের অভিযোগের ভিত্তিতে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে রাসিকের।

এ বিষয়ে রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন বলেন, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে মহানগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন পরিষ্কার এবং ড্রেনে লার্ভিসাইড প্রয়োগসহ মশক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

রাসিকের এ উদ্যোগের মাধ্যমে নগরীর মশার উপদ্রব কমানো এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন থাকতে হবে।