মঙ্গলবার, 10 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মুক্তির আগেই মিছিলে অংশের অভিযোগ
তানোরের ঘটনায় আদালতের স্বপ্রণোদিত মামলা

মুক্তির আগেই মিছিলে অংশের অভিযোগ

favicon
স্টাফ রিপোর্টার :
মুক্তির আগেই মিছিলে অংশের অভিযোগ
‘ছবি সংগৃহীত’

কারাগারে বন্দি থাকা অবস্থায় যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নতুন একটি মামলায় আসামি করা হয় রাজশাহীর তানোর উপজেলার হাফিজুর রহমানকে। এ ঘটনায় গুরুতর অসংগতি পাওয়ায় স্বপ্রণোদিতভাবে একটি মিস মামলা করেছেন রাজশাহীর আদালত। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর পুলিশ সুপারকে (এসপি)। আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) আদালতের আদেশের অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিআইডির পুলিশ সুপার রায়হানুল ইসলাম।

এর আগে গত ১ নভেম্বর রাজশাহীর আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সোহাগ নতুন নম্বরে পৃথক ও স্বতন্ত্র একটি মিস মামলা খোলার নির্দেশ দেন। ওই দিন হাফিজুর রহমানের জামিন আবেদনের শুনানিও অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ১০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।

হাফিজুর রহমান তানোর উপজেলার চন্দনকৌঠা গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, স্থানীয় এক যুবদলকর্মীকে চাঁদা না দেওয়ায় তাঁকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান তাঁকে বাড়ি থেকে আটক করে ২৬ জুন দায়ের করা একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখান। তবে ওই মামলার এজাহারে তাঁর নাম ছিল না বলে দাবি করেছেন হাফিজুর।

ওই মামলায় ২১ দিন কারাভোগের পর গত ১৫ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি। কারাগারের নথি অনুযায়ী, সেদিন রাত ৯টা ৪৭ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়। কিন্তু একই দিন তানোর থানায় দায়ের করা আরেকটি মামলায় তাঁকে আসামি করা হয়।

নতুন মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৫ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে তানোরে যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে হাফিজুর রহমান অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। অথচ এজাহারে উল্লেখিত ঘটনার সময় তিনি কারাগারের ভেতরেই ছিলেন। রাত ৯টা ৪৭ মিনিটে কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি প্রমাণে কারা কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রও আদালতে জমা দিয়েছেন তিনি।

ঘটনার সময় ও কারাগার থেকে মুক্তির সময়ের এই অসংগতির বিষয়টি আদালতের নজরে আসে। এরপর হাফিজুর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে স্বতন্ত্র তদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করেন আদালত।

আদালতের আদেশে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুর রহমানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তাঁর নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে তদন্ত করা আবশ্যক। কারণ, কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আইনানুগ কারণ ছাড়া তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা শুরু করা হলে তা দণ্ডবিধির ২১১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

এ ছাড়া কোনো সরকারি কর্মচারী কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অসত্য বা অশুদ্ধ দলিল প্রস্তুত করলে দণ্ডবিধির ১৬৭ ধারা এবং আইন অমান্য করলে ১৬৬ ধারার বিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হতে পারে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদালত আরও বলেন, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(সি) ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট অপরাধগুলো আমলে নেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। সে কারণে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য সুনির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিচারের আওতায় আনার লক্ষ্যে স্বপ্রণোদিতভাবে এই মিস মামলা করা হয়েছে।

মামলাটি তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য রাজশাহী সিআইডির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালতের আদেশের অনুলিপি পুলিশ সদর দপ্তর, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রকাশিত সংবাদটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে হাফিজুর রহমানের কারাগার থেকে মুক্তির সময়সংক্রান্ত কারা কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের অনুলিপিও তাঁদের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ওই মামলায় হাফিজুর রহমানসহ ২২ জনকে আসামি করেছিলেন। ঘটনার সময় হাফিজুর কারাগারে ছিলেন, এরপরও তাঁকে মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে সোমবার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ডিউটিতে ছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করতে হয়েছে।’ আদালতের স্বপ্রণোদিত মামলার বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানও আদালতের স্বপ্রণোদিত মামলার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন। এর আগে গত ১৭ অক্টোবর কারাগারে থাকা অবস্থায় হাফিজুরকে নতুন মামলায় আসামি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘টাইপ মিসটেক হতে পারে।’

রাজশাহী সিআইডির পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, আদালতের স্বপ্রণোদিত মিস মামলাটির তদন্তের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। সোমবার তিনি আদালতের আদেশের অনুলিপি পেয়েছেন। দুই দিন আগে তিনি রাজশাহীতে যোগ দিয়েছেন। কিছুটা গুছিয়ে নিয়ে তদন্তকাজ শুরু করবেন।

কারাগারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজন ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। আদালতের এই উদ্যোগে মামলার এজাহার প্রস্তুত, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা এবং অভিযোগের পেছনের প্রকৃত ঘটনা তদন্তের সুযোগ তৈরি হয়েছে।

এখন সিআইডির তদন্তে কারা জড়িত ছিলেন, কীভাবে হাফিজুর রহমানের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত হলো এবং এটি অনিচ্ছাকৃত ভুল, নাকি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল-এসব বিষয় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।