মঙ্গলবার, 10 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › সাংবাদিক মিনালকে ফাঁসানোর অভিযোগ, নেপথ্যে চিট রাসেলের মাদক সিন্ডিকেট?
তদন্তের দাবি রাজশাহী প্রেসক্লাবের

সাংবাদিক মিনালকে ফাঁসানোর অভিযোগ, নেপথ্যে চিট রাসেলের মাদক সিন্ডিকেট?

favicon
স্টাফ রিপোর্টার :
সাংবাদিক মিনালকে ফাঁসানোর অভিযোগ, নেপথ্যে চিট রাসেলের মাদক সিন্ডিকেট?
‘ছবি সংগৃহীত’

রাজশাহীর গোদাগাড়ীর সাংবাদিক মিনাল ইসলামকে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁকে পরিকল্পিতভাবে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। এ ঘটনায় গোদাগাড়ীর আলোচিত মাদক কারবারি মনোয়ারুল হাসান রাসেল ওরফে ‘চিট রাসেলের’ সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টিও সামনে এসেছে। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের অভিযোগ, সাংবাদিক মিনালের গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনার পেছনে রাসেলের সংশ্লিষ্টতা থাকতে পারে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন গোলাম মোস্তফা মামুন। সভায় তিনি বলেন, রাজশাহীর সাংবাদিক মিনালকে কয়েক দিন আগে ৩০০ গ্রাম মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পুরো বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এ ঘটনার পেছনে রাসেল নামের একজন শীর্ষ মাদক কারবারির সম্পৃক্ততা রয়েছে বলে তাঁদের ধারণা।

মামুন বলেন, ‘যদি তিনি অপরাধী হন, তাহলে অবশ্যই অপরাধের বিচার হবে। কিন্তু যদি তাঁকে ফাঁসানো হয়ে থাকে, তাহলে সেটিও তদন্তের মাধ্যমে বের করা উচিত। কারণ, রাসেল মাদক সিন্ডিকেটের একজন শীর্ষ কারবারি। তিনি ঢাকার বসুন্ধরা এলাকায় অবস্থান করে রাজশাহীর মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে আমরা ধারণা করছি। এমনকি কারাগারের ভেতরেও তাঁর লোকজনের কার্যক্রম রয়েছে বলে অভিযোগ রয়েছে। মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও তাঁর সখ্যতার অভিযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, রাসেলের গাড়িতে বিভিন্ন ব্যক্তিকে ঘুরতে দেখা যায়। এ সময় সভার সভাপতি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সাংবাদিক মিনালকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চান। স্থান সম্পর্কে অবহিত করার পর মামুন আবারও ঘটনাটি তদন্তের দাবি জানান। জবাবে জেলা প্রশাসক বলেন, বিষয়টি তদন্ত করা হবে এবং এ ব্যাপারে সাংবাদিকদেরও সহযোগিতা করতে হবে।

মিনাল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর লালবাগ মহল্লায়। তিনি স্থানীয় বিভিন্ন ঘটনা ও সংবাদ নিজের ফেসবুক পেজ এবং ব্যক্তিগত আইডিতে প্রকাশ করতেন। তাঁর ফেসবুক কার্যক্রমে স্থানীয় অপরাধ, মাদক কারবার এবং আলোচিত ব্যক্তিদের বিষয়ে তথ্য প্রকাশের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে মনোয়ারুল হাসান রাসেল ওরফে চিট রাসেলের ছবি ও তাঁর পরিচয়সংক্রান্ত তথ্য ফেসবুকে প্রকাশের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয়ভাবে চিট রাসেল নামে পরিচিত এই ব্যক্তিকে ঘিরে দীর্ঘদিন ধরেই মাদক কারবারের নানা অভিযোগ রয়েছে। অতীতে তাঁর বিরুদ্ধে মাদক পরিবহন, সরবরাহ এবং উত্তরাঞ্চলে মাদকের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে মিনালের গ্রেপ্তারের ঘটনায় রাসেলের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে মিনালের ফেসবুক পোস্ট এবং গ্রেপ্তারের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো আনুষ্ঠানিক তদন্তে প্রমাণিত হয়নি।

রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ নভেম্বর সন্ধ্যায় নগরের কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে মিনাল ইসলামকে গ্রেপ্তার করা হয়। কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের ওই অভিযানে তাঁর কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারের কথাও জানায় পুলিশ। পরদিন ৩ নভেম্বর এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

তবে গ্রেপ্তারের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদাপোশাকে কয়েকজন ব্যক্তি মিনালকে ধরে রেখেছেন। এ সময় মিনালকে সিসি ক্যামেরার সামনে গিয়ে তল্লাশি করার অনুরোধ জানাতে দেখা যায়। তাঁকে বলতে শোনা যায়, রাসেল নামে মাদকসম্রাট তাকে ফাসাছে। এবং তাকে ফাঁসানোর কথোপকথন ও শোনা যায় এই ভিডিওতে তাঁর এমন বক্তব্য এবং রাসেলের নাম উল্লেখের বিষয়টিও ঘটনাটিকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

গোদাগাড়ীর মনোয়ারুল হাসান রাসেল ওরফে চিট রাসেলকে ঘিরে অতীতেও মাদক কারবারের গুরুতর অভিযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানসংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময়ের সংবাদ প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের অভিযোগ ছিল।

প্রকাশিত পুরোনো সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের সামনের মহাসড়ক থেকে র‌্যাব-১২-এর একটি দল রাসেল ও তাঁর এক সহযোগীকে আটক করে। ওই সময় তাঁদের ব্যবহৃত একটি ট্রাক থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। সে সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছিল দেড় কোটি টাকা।

ওই ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়েরের পর রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে তৎকালীন সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ ছিল। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ী এলাকায় তাঁর সহযোগীদের নেটওয়ার্ক থাকার কথাও সে সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

গোদাগাড়ী এলাকার স্থানীয়দের বক্তব্য ও অতীতের সংবাদ প্রতিবেদন অনুযায়ী, রাসেলের কর্মজীবনের শুরু হয়েছিল পরিবহন খাতে শ্রমিক হিসেবে। প্রথমে টেম্পো ও পরে বাসের হেলপার হিসেবে কাজ করতেন তিনি। পরবর্তী সময়ে মাদক পরিবহনের সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে নিজস্ব যোগাযোগ ও সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। শুরুতে হেরোইনের ছোট ছোট চালান ঢাকায় পৌঁছে দেওয়ার কাজ করতেন। পরবর্তী সময়ে কক্সবাজারের টেকনাফকেন্দ্রিক ইয়াবা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি নিজেই ইয়াবার চালান সংগ্রহ ও সরবরাহের কাজে যুক্ত হন। এ কাজে ট্রাক ও পিকআপ ব্যবহার করা হতো বলেও অতীতের সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে। গোদাগাড়ী ও আশপাশের এলাকায় তাঁর সহযোগী হিসেবে কয়েকজনের নামও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার সর্বশেষ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সাংবাদিক মিনালের গ্রেপ্তারের ঘটনায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তাঁর কাছ থেকে উদ্ধার করা ৩০০ গ্রাম হেরোইনের উৎস কী, কারা এই চালানের সঙ্গে জড়িত এবং গ্রেপ্তারের আগে-পরে কারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একই সঙ্গে রাসেলের নাম কেন মিনাল গ্রেপ্তারের সময় উল্লেখ করেছেন, তাঁর সঙ্গে মিনালের আগে কোনো বিরোধ বা যোগাযোগ ছিল কি না এবং সাংবাদিকের ফেসবুক পোস্টের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেসব বিষয়ও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

এ ছাড়া অভিযানের সময়কার ভিডিও, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, জব্দ তালিকা, গ্রেপ্তার-সংক্রান্ত নথি এবং উদ্ধার করা মাদকের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করা হলে প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। রাসেলের বিরুদ্ধে অতীতে প্রকাশিত মাদক কারবারের অভিযোগ এবং তাঁর কথিত নেটওয়ার্কের বিষয়টিও সংশ্লিষ্ট নথি ও তথ্যের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ মিনালকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।’

সাংবাদিক মিনাল অপরাধে জড়িত কি না, নাকি তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে-তা নির্ধারণের দায়িত্ব তদন্তকারী কর্তৃপক্ষের। একই সঙ্গে চিট রাসেল ও তাঁর কথিত মাদক নেটওয়ার্কের বিষয়ে ওঠা অভিযোগও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট সাংবাদিক নেতারা।

রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন এবং তদন্তের দাবি জানানোয় ঘটনাটি এখন প্রশাসনিক পর্যায়েও গুরুত্ব পেয়েছে। সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।