পুলিশের ক্ষমতা জনগণের সেবার জন্য, হয়রানির জন্য নয়
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় নগরীর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিদ ফরহাদ।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার অংশগ্রহণকারী সদস্যদের পোশাক-পরিচ্ছদ ও বাহ্যিক প্রস্তুতি (টার্নআউট), শৃঙ্খলা, কর্মদক্ষতা এবং পেশাগত দক্ষতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করেন। পরে তিনি আরএমপির মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ কমিশনার সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পুলিশের ইউনিফর্ম ও আইনগত ক্ষমতা জনগণের সেবা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এসব ক্ষমতার অপব্যবহার কিংবা সাধারণ মানুষকে হয়রানি করার কোনো সুযোগ নেই। জনগণের আস্থা অর্জন করতে হলে প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতার পরিচয় দিতে হবে।
তিনি মাদক, দুর্নীতি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। বিশেষ করে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি যেন পুলিশের কাছ থেকে সেবা নিতে এসে হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, একটি আদর্শ ও জনবান্ধব পুলিশ ইউনিট গড়ে তুলতে হলে প্রত্যেক সদস্যের ব্যক্তিগত সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। সবার নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে একটি সুশৃঙ্খল, দক্ষ, জনবান্ধব ও আদর্শ পুলিশ ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে।
মাস্টার প্যারেডে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর) ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং আরএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।