বাঘা মাজারের দিঘিতে নারীর মরদেহ উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক মাজার শরিফের দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার একদিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাঘা মাজার শরিফের দিঘিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পানি থেকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মাজার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় তিন মাস ধরে তাঁকে মাজার এলাকায় অবস্থান করতে দেখা যেত। তবে তাঁর নাম, ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিবরণ দিয়ে বাঘা মাজার শরিফের কর্মচারী মাসুদ রানা জানান, ঘটনার দিন সন্ধ্যার আগে ওই নারী দিঘিতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানির মধ্যে একটি লাঠি পুঁতে রাখেন। এরপর কয়েকবার পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেননি। বিষয়টি দেখতে পেয়ে লায়েব উদ্দিন নামের এক যুবক দিঘিতে নেমে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে দিঘির পাড়ে তুলে আনা হয়।
এরপর স্থানীয়রা দ্রুত ওই নারীকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। পরে মরদেহটি থানায় রাখা হয়। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, নিহত নারীর কোনো স্বজন কিংবা অভিভাবকের সন্ধান এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে ওই নারীর পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।