মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মান্দার তরুণ সাফিউল ইসলাম রকি
মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজসেবার পথচলা শুরু হলেও পরবর্তীতে সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা বৃহত্তর পরিসরে তুলে ধরতে সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন নওগাঁর তরুণ সাফিউল ইসলাম রকি। ২০১৯ সাল থেকে স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততার পর ২০২১ সালে তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক নয়া দিগন্তের নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং দৈনিক এদিন পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পরিবেশবিষয়ক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে তিনি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননাও অর্জন করেছেন।
সাফিউল ইসলাম রকির জন্ম ও বেড়ে ওঠা নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উত্তরপাড়া গ্রামে। শিক্ষাজীবনের শুরুতে তিনি নিজ এলাকার চককামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীতে ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ফারুকনগর ইসমাঈল ব্যাপারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং আলহাজ্ব মান্নান ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।
২০২১ সালে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক নতুন খবর’-এর মাধ্যমে সংবাদমাধ্যমে হাতেখড়ি হয় রকির। এরপর তিনি জাতীয় দৈনিক ‘গণতন্ত্র’ ও ‘সরেজমিন বার্তা’র মান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক নয়া দিগন্তের নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং এদিন পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। স্থানীয় নানা সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, কৃষি, পরিবেশ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশের পাশাপাশি আধুনিক ধারার ছবি ও ভিডিওভিত্তিক মাল্টিমিডিয়া সংবাদ পরিবেশন করে তিনি পাঠক ও দর্শকদের নজর কেড়েছেন।
সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার আগে ২০১৯ সালে ‘বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন’-এর সঙ্গে সম্পৃক্ত হন সাফিউল ইসলাম রকি। সংগঠনটির নানা মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশ নিয়ে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর নিরলস চেষ্টা করে যাচ্ছেন তিনি। এর পাশাপাশি তিনি ‘ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও লাইব্রেরি’র প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিকভাবেও ভূমিকা রাখছেন রকি। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ জুলাই কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে সংগঠনটির মান্দা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
সাংবাদিকতা জীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সাংবাদিক সম্মাননা লাভ করেন সাফিউল ইসলাম রকি। ‘প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা এবং উন্নয়ন বিষয়ে সংবাদ প্রকাশ’ বিভাগে তিনি ‘শ্রেষ্ঠ সাংবাদিক (দ্বিতীয়)’ নির্বাচিত হন। ২০২৫ সালের ১৪ জুলাই মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, মান্দার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূলধারার গণমাধ্যমে কাজ করার পাশাপাশি নিজস্ব ডিজিটাল সংবাদমাধ্যম ‘Bangla Echo 24’ নিয়েও কাজ করছেন উদীয়মান এই সংবাদকর্মী। আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ডিজিটাল সংবাদ পরিবেশনার মাধ্যমে গণমাধ্যমের পরিসর আরও বিস্তৃত করার স্বপ্ন দেখেন তিনি। মানবিক কর্মকাণ্ড থেকে শুরু হওয়া পথচলায় সাংবাদিকতাকে সাধারণ মানুষের কথা বলার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সাফিউল ইসলাম রকি। আজীবন মানুষের পাশে থাকা, সমাজের নানা অসংগতি তুলে ধরা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান নওগাঁর এই তরুণ সাংবাদিক।