নওগাঁর ধামইরহাট থানায় পুলিশের নতুন আবাসিক ভবন ও স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন
নওগাঁর ধামইরহাট থানায় নবনির্মিত অফিসার ইনচার্জের (ওসি) বাসভবন, জুনিয়র অফিসার্স কোয়ার্টার এবং স্টুডিও অ্যাপার্টমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলোর শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নবনির্মিত এই আবাসিক স্থাপনাগুলো চালু হওয়ার ফলে ধামইরহাট থানার সামগ্রিক প্রাতিষ্ঠানিক ও অপারেশনাল সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। বিশেষ করে থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে এই কোয়ার্টার ও স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নবনির্মিত ভবনগুলোর বিভিন্ন কক্ষ ও অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ, ধামইরহাট থানার অফিসার ইনচার্জসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।