তাড়াইলে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর ও সংবর্ধনা
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সুরক্ষা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সাংগঠনিক সফরে এসেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার এই সাংগঠনিক সফরে আসেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য ও নির্বাহী পরিষদের দপ্তর সচিব মো. রাব্বী মোল্লা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. মেহেদী হাসান।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ সার্কিট হাউজে তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে উপজেলা কমিটির কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সার্কিট হাউজে উপস্থিত হয়ে এই ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
সাক্ষাৎকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা নিশ্চিতকরণ ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এ সময় উপজেলা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলে ধরেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে তাড়াইল উপজেলায় সাংবাদিকদের মধ্যকার ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।