শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা অর্জন রাজশাহী সিটি কর্পোরেশনের
শুদ্ধ ও শতভাগ নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এই গৌরবময় সাফল্য অর্জন উপলক্ষ্যে নগরভবনে এক বর্ণাঢ্য ‘অংশীজন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সেবাকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে সিটি কর্পোরেশন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নগরবাসীকে দ্রুত ও নির্ভুল সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক উপায়ে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সঠিক তথ্য নিবন্ধনের মাধ্যমে নাগরিক সুবিধা সুসংহত হয় এবং সরকারের উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সম্ভব হয়। ক্ষেত্রবিশেষে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমে এই সাফল্য অর্জিত হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
উক্ত সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, টিম লিডার এবং মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নাগরিক সেবার মান আরও উন্নত ও স্বচ্ছ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।