মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত
নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামের এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প সংলগ্ন নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নীরেন চন্দ্র বর্মন যাত্রী পরেশ চন্দ্রকে ভ্যানে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ-নজিপুর সড়কের এনায়েতপুর মদিনা পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ উত্তরে পৌঁছালে নজিপুরের দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রী ছিটকে সড়কে পড়ে রক্তাক্ত জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। অপর আহত পরেশ চন্দ্র বর্মনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।