রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি নবীন শিক্ষার্থীদের বরণ
রাজশাহী সরকারি সিটি কলেজে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গণে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুশৃঙ্খল গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। কেবল ভালো ফল অর্জনের মধ্যেই শিক্ষা সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। রাজশাহী সরকারি সিটি কলেজের নবীন শিক্ষার্থীরা গভীর জ্ঞানচর্চা ও মেধার সর্বোচ্চ বিকাশের মাধ্যমে নিজেদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন এবং উপাধ্যক্ষ প্রফেসর মনির উদ্দিন আহম্মদ।
আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।