নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
নওগাঁর নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক নারী কর্মীর ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল (২৩ ডিসেম্বর) রাতে ছড়িয়ে পড়া প্রায় ৩ সেকেন্ডের ওই ভিডিওতে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করতে দেখা যায়।
ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে আছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন সেবাগ্রহীতা। তাদের মধ্য থেকে একজনের কাছ থেকে তিনি কৌশলে ঘুষের অর্থ গ্রহণ করেন।
জানা গেছে, গতকাল গভীর রাত পর্যন্ত দলিল সম্পাদনের কাজ চলেছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত অর্থ প্রদান না করলে কোনো দলিল সম্পাদন করা হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কয়েকজন কর্মচারী জানান, সাব-রেজিস্ট্রি অফিসে কাজের ক্ষেত্রে নিয়মিতভাবেই অর্থ লেনদেন হয়ে থাকে, যা সাব-রেজিস্ট্রার নিয়ন্ত্রণ করেন। এটি এখন কার্যত নিয়মে পরিণত হয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে কেরানি কামরুন্নাহার বলেন, গতকাল সেবাগ্রহীতাদের চাপে কিছুটা বেশি সময় ধরে দলিল সম্পাদনের কাজ করতে হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি জানান, ওই অর্থ নকলনবিশদের পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।