রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রাজ্জাকের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতকালে উপাচার্য রুয়েটের চলমান শিক্ষা কার্যক্রম, অত্যাধুনিক গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক প্রাতিষ্ঠানিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক মান অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক বিশ্বের প্রযুক্তিগত রূপান্তর ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, সৃজনশীল এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। দেশের সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি টেকসই করতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন, রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন সচিববৃন্দ।