শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক অনুশীলনের সময় অনাকাঙ্ক্ষিত গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের হাতে বিশেষ আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রী শহীদদের স্বজনদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে এই সাহসী সেনাসদস্যরা আত্মোৎসর্গ করেছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন এবং তাদের এই মহান আত্মত্যাগ সমগ্র জাতি আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকাহত পরিবারগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে সরকার ও পুরো বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের যাবতীয় প্রয়োজন ও দেখভালে অভিভাবকের মতো দায়িত্ব পালন করবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শহীদ দুই সেনাসদস্যের নিজ নিজ স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে স্থায়ী বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি শহীদদের স্ত্রীদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ লালন-পালন ও পড়াশোনার জন্য নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত ট্যাংক মহড়া চলাকালে একটি গোলার আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে কর্তব্যরত অবস্থায় সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে শহীদ আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। অন্যদিকে শহীদ মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।