সিলেটে দুই ওলির মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
কর্মসূচি অনুযায়ী, একই দিন বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সম্মুখ প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। দিনব্যাপী সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির শুভাগমন ঘিরে সিলেট মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে তোরণ নির্মাণ, বর্ণিল ব্যানার-ফেস্টুন স্থাপন ও বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ভিভিআইপি চলাচলের পথগুলোতে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।
এদিকে সফরের সার্বিক প্রস্তুতি তদারকি করতে রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের সার্বিক পরিস্থিতি ও চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন এবং অগ্রগতির খোঁজ নেন। সিসিক প্রশাসক জানান, আধ্যাত্মিক এ নগরীতে রাষ্ট্রপতির প্রথম সফরকে স্মরণীয় ও নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যাতে স্বাচ্ছন্দ্যে দুই ওলির মাজার জিয়ারত সম্পন্ন করতে পারেন, সেজন্য বিশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিস্তারিত রূপরেখা অবহিত করেন সিসিক প্রশাসক।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) দফায় দফায় সমন্বয় সভা করেছে। এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিভিআইপি নিরাপত্তা পরিকল্পনা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে যৌথ নিরাপত্তা বলয় প্রস্তুত রাখা হয়েছে।