রাজশাহী নগরীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বৈঠক
রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। শনিবার দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠককালে বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক রাজশাহী মহানগরীর চলমান নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং নগরবাসীর জীবনমান নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিকল্পিত ও নান্দনিক আধুনিক রাজশাহী গড়ে তুলতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।
এ ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের পদস্থ কর্মকর্তাবৃন্দ।