কাজলা বড় জামে মসজিদে রাসিক প্রশাসকের জুমা আদায়
রাজশাহী মহানগরীর কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। নামাজ আদায়ের পাশাপাশি তিনি চলমান নির্মাণাধীন মসজিদের সার্বিক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং এর অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার জুমার নামাজের পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিক প্রশাসক। এ সময় তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে এলাকার সার্বিক নাগরিক সেবা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন ও নামাজ চলাকালে মসজিদ কমিটির সভাপতি ড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ জিলদার রহমান সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক, মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি (পশ্চিম) সভাপতি মোস্তাক আহমেদ, মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী, ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিলন, যুবদল নেতা সনি ও কনক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।