সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের ইন্তেকাল
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি বহু আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
এদিকে সাবেক এই দক্ষ প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার প্রেরিত এক শোকবার্তায় রাসিক প্রশাসক বলেন, আবু হেনা মোস্তফা কামাল তাঁর কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। রাসিকে দায়িত্ব পালনকালে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য প্রার্থনা করেন।