রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অনন্য ধারক-বাহক
রাজশাহী কলেজ কেবল একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশের শিক্ষা ও সংস্কৃতির এক ঐতিহাসিক ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি উল্লেখ করেন, সুদীর্ঘ ১৫০ বছরের গৌরবময় পথচলায় এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেশ-বিদেশের বহু খ্যাতিমান ও প্রথিতযশা ব্যক্তিত্ব উপহার দিয়েছে।
শুক্রবার রাজধানী ঢাকার হেয়ার রোডে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি (দেড়শত বর্ষ) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, এক মায়ের সন্তানের মতো রাজশাহী কলেজের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে এই দেড়শত বর্ষ উদযাপন করতে হবে। এই ঐতিহাসিক আয়োজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে মজবুত সেতুবন্ধন রচনার পাশাপাশি ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক অবিস্মরণীয় মহোৎসবে রূপ নেবে। তিনি বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাশীঘ্র নিবন্ধনের মাধ্যমে এই মহামিলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান। প্রয়োজনে মহাদেশভিত্তিক অ্যালামনাই কমিটি গঠন করে অনুষ্ঠানটি আরও বর্ণাঢ্য ও স্মরণীয় করে তোলার পরামর্শ দেন তিনি।
আগামী প্রজন্মের কাছে ১৫০তম বর্ষপূর্তির স্মৃতিকে অম্লান করে রাখতে ক্যাম্পাসে একটি দৃষ্টিনন্দন স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগের কথা জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, রাজশাহী কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সমাদৃত। ফলে এই আয়োজন হবে সব প্রজন্মের শিক্ষার্থীদের মিলনমেলা। একই সাথে তিনি জানান, বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন নির্মাণ, আন্তর্জাতিক মানের অডিটোরিয়াম স্থাপন, ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন আবাসিক হল এবং ঐতিহাসিক খেলার মাঠের আধুনিকায়নসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস. এম. জহুরুল ইসলাম। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।