সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সংবিধানের এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করার কোনো আইনি ভিত্তি এই রিটে নেই।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। এর আগে গত ১৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছিলেন ওই আইনজীবী।
আইনজীবী ইউনুছ আলী আকন্দের দাবি ছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত বা ভোট দিতে পারেন না, যা তাদের গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোটদান করেন, তবে সংসদে তার আসন শূন্য হবে। তবে সেই কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।