রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির শীর্ষ নেতৃত্ব
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (২৫ জুলাই) সকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বিএনপির ১২ নেতা রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এ মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, তার ব্যক্তিগত অসুস্থতার বিষয়টি ছাড়া অন্য কোনো কারণ সম্পর্কে তিনি অবগত নন।
এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন নিয়োগ কার্যক্রম নিয়েও কথা বলেন। রিজভীর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্ব এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের মূল্যায়ন করছেন। এর মাধ্যমে তিনি পূর্বে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, দলের ত্যাগী, দক্ষ ও যোগ্য নেতাদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে যুক্ত করার মাধ্যমে নতুন ধারার নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। দলটির শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের পরই এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।