চার দিনের সরকারি সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু চার দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৯ জুন) রাজশাহী আসছেন। সফরকালে তিনি শিক্ষা, সামাজিক, সরকারি এবং আন্তঃসাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন ভূমিমন্ত্রী।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় তিনি রাজশাহী বরেন্দ্র কলেজে আয়োজিত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
একই দিন বিকেল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং ‘মাদক নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
পরে রাত ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অফিসার্স মেসে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও নৈশভোজে অংশ নেবেন তিনি।
রোববার (২১ জুন) বিকেল ৫টায় রাজশাহীর আই-বাঁধ হাই টেক পার্কে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ‘১২তম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভূমিমন্ত্রী।
চার দিনের সফরের শেষ দিন সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় বিমানযোগে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সফরকালে ভূমিমন্ত্রী শিক্ষা, যুবসমাজের উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা, সামাজিক সম্প্রীতি এবং আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।