রাজশাহীর শতবর্ষী মিষ্টির দোকানে মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহীতে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ‘রাজশাহী মিষ্টান্ন ভান্ডারে’ গিয়ে মিষ্টির স্বাদে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
গত মঙ্গলবার দুই দিনের সফরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আসেন মার্কিন এই কূটনীতিক। সফরের দ্বিতীয় দিন বুধবার ঢাকায় ফেরার আগে হঠাৎ করেই তিনি সাহেববাজার এলাকার ঐতিহ্যবাহী এই মিষ্টির দোকানে যান।
দোকানে গিয়ে তিনি প্যারা সন্দেশ, দধিয়া সন্দেশ, মুণ্ডা, মিষ্টিদই ও টকদইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নেন। দোকান কর্তৃপক্ষ জানায়, প্রতিটি মিষ্টি খেয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রশংসা করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন লিখেছেন, “রাজশাহীর প্রাচীনতম ঐতিহ্যবাহী মিষ্টির দোকান রাজশাহী মিষ্টান্ন ভান্ডারের মনকাড়া সুগন্ধ আর মিষ্টির প্রলোভন সামলানো সত্যিই কঠিন।”
১৯৩৬ সালে মারওয়ারী ব্যবসায়ী রামপ্রসাদ আগরওয়ালা দোকানটি প্রতিষ্ঠা করেন। পরে দেশভাগ ও মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ ঐতিহ্য ধরে রাখে এই প্রতিষ্ঠান। বর্তমানে ব্যবস্থাপক গণেশ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে দোকানটির সুনাম ধরে রেখেছেন বলে জানা যায়।
দোকান কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় মণ মিষ্টি বিক্রি হয় এবং প্রায় ২৪ ধরনের মিষ্টি ও সন্দেশ তৈরি করা হয়।
এর আগে ২০১৯ সালেও ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত এই দোকানে এসে মিষ্টি খেয়েছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়ভাবে শত বছরের এই ঐতিহ্যবাহী দোকানটি শুধু রাজশাহী নয়, দেশের বাইরেও পরিচিতি পেয়েছে বলেও জানান ব্যবসায়ী ও কর্মচারীরা।
ঐতিহ্য, ইতিহাস আর স্বাদের মিশেলে ‘রাজশাহী মিষ্টান্ন ভান্ডার’ আজও ধরে রেখেছে তার জনপ্রিয়তা-এমনটাই মনে করেন স্থানীয়রা।