দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
ভারতে শুভেচ্ছা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরির সাথে বৈঠক করেছেন। বুধবার (৮ এপ্রিল) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৃথক বৈঠকে বসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকগুলোতে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নতুন রাজনৈতিক বাস্তবতায় গঠিত সরকার— প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 'বাংলাদেশ ফার্স্ট' নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও সুবিধার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
বৈঠকে ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। উভয় পক্ষই জানিয়েছে, গ্রেফতারকৃতদের দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে। এছাড়া সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়েও আলোচনা হয়েছে।
""ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরির সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান""
ভারতের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যাবসায়িক ভিসা সহজ করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া ভারত থেকে সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানানো হয় এবং ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
উভয়দেশ ভবিষ্যতে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত পরামর্শ ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।