আল্লাহভীতি ছাড়া সমাজের কল্যাণ সম্ভব নয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার উদ্যোগে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাজীপাড়া মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
মোহনপুর ইউনিয়ন আমীর মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ এবং উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টির উদ্দেশ্যে। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; এটি মানুষের চিন্তা-চেতনা, চরিত্র ও আচরণ পরিশুদ্ধ করার এক মহৎ প্রশিক্ষণ।
তিনি বলেন, আল্লাহর ভীতি হৃদয়ে জাগ্রত না হলে সমাজের প্রকৃত কল্যাণ সাধিত হতে পারে না। ব্যক্তি জীবনে আল্লাহভীতি না থাকলে অন্যায়, দুর্নীতি ও অবিচার থেকে বিরত থাকা কঠিন হয়ে পড়ে। তাই সমাজে ন্যায়, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো তাকওয়া।
তিনি আরও বলেন, রমজান মাস ধৈর্য, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজা পালনের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য কমে আসে, কারণ সচ্ছল মানুষও ক্ষুধার কষ্ট অনুভব করতে শেখে। এতে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতি বৃদ্ধি পায়।
সংসদ সদস্য বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও অসততা দূর করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামী আদর্শ চর্চা করতে হবে। তিনি রমজানের শিক্ষাকে সারাবছর জীবনে ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট হওয়া, গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।