কৃষকের ছদ্মবেশে পুলিশ, বাঘায় মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৬
রাজশাহীর বাঘায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের মধ্যে মাদক মামলার এক আসামিকে ধরতে পুলিশের এক সদস্য কৃষকের ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের দিকনির্দেশনায় এবং বাঘা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে জোর দেওয়া হয়।
অভিযানের সবচেয়ে আলোচিত অংশ ছিল আড়ানী পৌরসভার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামুনকে গ্রেপ্তারের ঘটনা। তাকে ধরতে পুলিশের এএসআই আব্দুল মালেক কৃষকের ছদ্মবেশ ধারণ করে নির্দিষ্ট এলাকায় অবস্থান নেন। দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর সুযোগ বুঝে তাকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, কৌশলগত এ পদক্ষেপের ফলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন বাজুবাঘার ফারদিন আহমেদ সৌমেন, আড়ানী পৌরসভার রাকিবুল ইসলাম রাকিব, বাঘা পৌরসভার রুনা বেগম ও মরিয়ম বেগম এবং আড়ানী পৌরসভার আনিছ আলী। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা ছিল।
ওসি সেরাজুল হক জানান, গ্রেপ্তার হওয়া প্রথম পাঁচজনকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সর্বশেষ গ্রেপ্তার মামুনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, বাঘা ও আড়ানী পৌরসভাসহ সাতটি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কৌশলগত ও লক্ষ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।