নিয়ামতপুরে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া ছাতমা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোহেল রানা (৪০), তিনি একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে রাস্তা ক্ষতিগ্রস্ত ও পরিবেশের ক্ষতি করছিলেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী তাকে জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।