শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › স্পেশাল › কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির জেরে পাল্টা আঘাতের হুঁশিয়ারি সংসদ সদস্যের

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির জেরে পাল্টা আঘাতের হুঁশিয়ারি সংসদ সদস্যের

favicon
স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির জেরে পাল্টা আঘাতের হুঁশিয়ারি সংসদ সদস্যের
ফেসবুকে ফটোকার্ড শেয়ার করে আলোচনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার একটি ভিডিও বক্তব্য এবং ফেসবুক ফটোকার্ড ঘিরে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে প্রয়োজনে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে এবং ‘একটা মারলে দুইটা মারবো’ এমন পাল্টা আঘাতের ঘোষণা দিয়ে তিনি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জেরে ওই রাতে স্থানীয় জামায়াত নেতা ও আসন্ন কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি ও কার্যালয়ে অতর্কিত হামলা, ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে শাজাহান আলীর পক্ষের অন্তত পাঁচজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে ধারালো অস্ত্রের জখম থাকায় তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী শাজাহান আলী ও সংসদ সদস্য আমির হামজা।

হামলার পরদিন বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজা। হাসপাতালে আহতদের শয্যাপাশে দাঁড়িয়ে কথা বলার সময় ধারণকৃত কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে আঞ্চলিক ভাষায় ক্ষোভ প্রকাশ করে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন আর নেই, কোনো সবর নেই। সবর-মবর এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যেই নেই।’ এ সময় পাশে থাকা এক কর্মী তাঁর কথায় সায় দিয়ে বলেন, ‘সেই কথা তো আমরাও বলি।’ এর জবাবে সংসদ সদস্য আরও উত্তেজিত হয়ে বলেন, ‘মার খাওয়ার মধ্যেই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা করবো।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাত নয়টার কিছু আগে মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেখানে তাঁর হাস্যোজ্জ্বল ছবির পাশে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব-মুফতি আমির হামজা।’ পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে ফটোকার্ডটিতে ২১ হাজার ৮০০টির বেশি রিঅ্যাকশন পড়ে, ১ হাজার ৯০০ জন মন্তব্য করেন এবং ৪৮৩ বার শেয়ার হয়। তবে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে রাত সাড়ে ১০টার পরপরই পেজটি থেকে ওই ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়।

এর আগে কুষ্টিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্থানীয় প্রশাসনের কঠোর সমালোচনা করেন আমির হামজা। তিনি অভিযোগ করেন, ভাড়াটে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকালে জেলার সাম্প্রতিক সহিংসতা ও হামলায় জড়িত বিএনপি নেতাদের নাম সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন।

ভাইরাল হওয়া ভিডিও এবং পরবর্তীতে ফটোকার্ড পোস্ট ও মুছে ফেলার বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকও ফোন ধরেননি। তবে আমির হামজার একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস গণমাধ্যমকে জানান, সংসদ সদস্য একটি ওয়াজ মাহফিলে ব্যস্ত থাকায় কথা বলতে পারছেন না এবং রাতেই সাংগঠনিক সভায় যোগ দিতে তাঁর ঢাকায় যাওয়ার কথা রয়েছে। হাসপাতালে দেওয়া বক্তব্যের ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি তিনি শুনেছেন বলে স্বীকার করলেও ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোকার্ড পোস্ট ও সরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে দাবি করেন।