গোদাগাড়ীতে দামি গাড়িতে চলছে মাদক লেনদেন, উদ্বেগে স্থানীয় বাসিন্দারা
রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে জনমনে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। হেরোইন, ইয়াবা ও গাঁজার অবাধ কেনাবেচা, প্রকাশ্যে মাদক সেবন এবং সন্দেহজনক যানবাহনের আনাগোনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের দাবি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের অবাধ চলাচল চোখে পড়ে। মাঝেমধ্যে প্রশাসনের মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতা ও সেবনকারীরা আটক হলেও এই অবৈধ ব্যবসার মূল হোতারা বরাবরই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত এলাকা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন জনপদের অলিগলি পর্যন্ত মাদক কেনাবেচার জাল ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তপুর, সুগেট, লস্করহাটি, সুলতানগঞ্জ, কামারপাড়া, হাটপাড়া, হলের মোড়, মহিশাবাড়ী, মাদারপুর, ভগবন্তপুর, মাটিকাটা, ফুলতলা, বিদিরপুর, কালিদিঘি, রাজাবাড়ীহাট ও আলিপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিয়মিত আনাগোনা রয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব এলাকায় দামি প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এসে থামে এবং কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে মাদক লেনদেন সম্পন্ন হয়। কখনো কখনো যানবাহনের ভেতরে বসেই মাদক সেবন করতে দেখা যায়। এসব ঘটনা প্রকাশ্যে ঘটলেও নিরাপত্তার ঝুঁকির কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পান না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার জানান, প্রতিদিনই অপরিচিত বিভিন্ন ধরনের দামি গাড়ি এলাকায় প্রবেশ করে এবং তরুণদের আনাগোনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গাড়ির জানালা দিয়েই প্রকাশ্যে মাদকের প্যাকেট লেনদেন হতে দেখা যায়, তবে ভয়ে কেউ মুখ খুলতে চান না। আরও উদ্বেগজনক বিষয় হলো, মাদকসংশ্লিষ্ট এই তৎপরতা কেবল প্রত্যন্ত অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং গোদাগাড়ী মডেল থানার আশপাশে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাতেও মাদক কেনাবেচা ও সেবনের ঘটনা ঘটছে। থানার অতি নিকটে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এমন অবাধ তৎপরতা চলতে থাকায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌরসভা-সংলগ্ন পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের পাশে অভিযান চালিয়ে মাদকসংক্রান্ত অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এর দুই দিন পর ১৪ নভেম্বর শনিবার রাতে গোদাগাড়ী মডেল থানা থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত গোদাগাড়ী মডেল স্কুল অ্যান্ড কলেজের পেছনের মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ইউএনও ইসরাত জাহানের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় এক জ্যেষ্ঠ শিক্ষক উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের সহজলভ্যতা তরুণ ও শিক্ষার্থী সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে পরিবার ও সমাজে এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও অভিযোগ করেন, গোদাগাড়ী মডেল থানা-পুলিশের মাদকবিরোধী কার্যক্রম বা দৃশ্যমান ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে খুব একটা সন্তুষ্টি নেই। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় বিভিন্ন চোরাই পথে মাদক দেশে প্রবেশ করে ছোট ছোট চালানে ছড়িয়ে পড়ছে, কিন্তু পুলিশ কেবল খুচরা বিক্রেতাদের পেছনে ছুটলেও সরবরাহের মূল উৎস ও বড় কারবারিদের শনাক্ত করতে পারছে না।
সার্বিক বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা জানান, মাদকের বিরুদ্ধে থানা-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে তিনি এই থানায় যোগদানের পর থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো মাদকের চালান আটক করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন।