শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › নওগাঁয় বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষি

নওগাঁয় বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষি

favicon
মাহবুবুজ্জামান সেতু:
নওগাঁয় বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষি
প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

দেশের অন্যতম প্রধান খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁয় চলতি রবি মৌসুমে ভোজ্যতেলের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলার ৭৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি এই সময়োপযোগী উদ্যোগের ফলে উৎপাদন খরচ কমে আসায় জেলার প্রান্তিক চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের আওতায় 'কৃষি পুনর্বাসন সহায়তা খাত' থেকে এই বিশেষ প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় জেলার ৭৫ হাজার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিতরণের জন্য সর্বমোট ৭৫ হাজার কেজি উচ্চফলনশীল সরিষা বীজ এবং ১৫ লাখ কেজি ডিএপি ও এমওপি সার বরাদ্দ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা আবাদের জন্য প্রয়োজনীয় এক কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন। গত ২৫ নভেম্বর জেলার মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী মানজুরা মুশাররফের সভাপতিত্বে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ সরিষা চাষের আধুনিক প্রযুক্তি ও সরকারি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান জানান, প্রকৃত প্রান্তিক কৃষকরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এই সহায়তা পান, সে জন্য স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রণয়ন করা হয়েছে এবং অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে জেলার সব উপজেলায় প্রণোদনা বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, চলতি রবি মৌসুমে নওগাঁ জেলায় সর্বমোট ৫৮ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সরকারের এই ব্যাপক সার-বীজ প্রণোদনার ফলে চলতি মৌসুমে জেলায় সরিষার আবাদ ও উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে কৃষি বিভাগ আশাবাদী।