সরকারি ভবনের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে সোলার সিস্টেম চালুর উদ্যোগ রাসিকের
প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর চাপ কমানো, জ্বালানি ব্যয় সাশ্রয় এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী মহানগরীতে সোলার বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগর ভবনে নিজ দপ্তরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় মহানগরীর সরকারি স্থাপনা ও নাগরিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাব্যতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং নেট মিটারিং সুবিধাসহ সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই দিকনির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ভবন ও স্থাপনাগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে।
নগরবাসীকে এই সবুজ জ্বালানি বিপ্লবে যুক্ত করার আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক আরও বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে ব্যক্তিপর্যায়েও বাসাবাড়ি ও বাণিজ্যিক ভবনের ছাদে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। সৌরবিদ্যুৎ ব্যবহারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও পরিবেশগত উপকারিতা এবং সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রয়োজনীয় প্রচারণামূলক পদক্ষেপ নেওয়া জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুতের প্রচলিত উৎসের ওপর একক নির্ভরতা কমাতে এই উদ্যোগে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
উচ্চপর্যায়ের এই মতবিনিময় সভায় নেসকোর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী ও মো. ইয়াসির আরাফাত। অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সভায় অংশ নেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী সফিকুল হাসান এবং সহকারী প্রকৌশলী জেসমিন সুলতানা। সভায় উভয় প্রতিষ্ঠানের প্রকৌশলীরা কারিগরি সমন্বয় সাধনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির মাঠপর্যায়ের কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।