শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গান পাউডার উদ্ধার, ১৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গান পাউডার উদ্ধার, ১৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

favicon
ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গান পাউডার উদ্ধার, ১৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া পাঁচটি তাজা ককটেল, ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার এবং গ্রেপ্তারকৃত দুই আসামি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার বড় ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে জেলা পুলিশ। সদর থানা পুলিশের পৃথক ও সাঁড়াশি অভিযানে ১ কেজি ৫৫০ গ্রাম বিস্ফোরক গান পাউডার এবং পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে মূল হোতা মো. জুয়েলের বিরুদ্ধে ইতিপূর্বেই বিভিন্ন থানায় ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার রানীহাটি ও বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর গ্রেপ্তার হওয়া আসামি মো. জুয়েলকে (৩০) আদালতের নির্দেশে থানা হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে নিজের হেফাজতে অবৈধভাবে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল মজুত রাখার চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেন। তাঁর দেওয়া সেই তথ্যের সত্যতা যাচাই ও বিস্ফোরক উদ্ধারে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে সদর থানা পুলিশের একটি চৌকস দল রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়েলের দেখানো গোপন স্থান থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার এবং শক্তিশালী পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত বিস্ফোরকগুলোর উৎস ও নেটওয়ার্ক সম্পর্কে জুয়েলকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর সহযোগী মো. নাইমের (২৩) সম্পৃক্ততার কথা জানান। জুয়েলের দেওয়া তথ্যের সূত্র ধরে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ এবং একই দিন দিবাগত রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার বারোঘরিয়া বাজার এলাকা থেকে মো. নাইমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ গান পাউডার ও তাজা ককটেল দিয়ে এলাকায় বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার ছক কষা হচ্ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. জুয়েল একজন চিহ্নিত অপরাধী এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা চলমান রয়েছে। তাঁর সহযোগী নাইমের অপরাধমূলক রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য জব্দ তালিকাভুক্ত করার পাশাপাশি গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪, ৫ ও ৬ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সঙ্গে আর কোনো প্রভাবশালী মহল বা অপরাধী জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।