বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › জাতীয় › নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

favicon
উপচার ডেস্ক :-
নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সারাদেশে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের স্পর্শকাতর সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি এবার পুলিশ বাহিনীর অভ্যন্তরেও শুরু হয়েছে বিশেষ শুদ্ধি অভিযান। বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা সন্দেহভাজন সদস্যদের গতিবিধি ও কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, গোপন তথ্য পাচার এবং সাম্প্রতিক নাশকতায় সরাসরি সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগে পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার ও আটক করে আইনি ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা গণমাধ্যমকর্মীদের কাছে বাহিনীর এই কঠোর অবস্থান ও সাম্প্রতিক অভিযানের তথ্য নিশ্চিত করেন।

আইনি ব্যবস্থার আওতায় আসা চার কর্মকর্তা হলেন-পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর সব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করা এবং বাহিনীর অত্যন্ত সংবেদনশীল ও অভ্যন্তরীণ তথ্য পাচার করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া বুধবার (২৫ নভেম্বর) পৃথক অভিযানে আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। এর মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রেপ্তারের রিকুইজিশন বা অধিযাচনপত্র ছিল। অন্যদিকে, নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত রাকিবুল হাসানকে সেখান থেকে আটকের পর একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে এআইজি কামারুম মুনিরা স্পষ্ট জানিয়ে দেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীলতা, নাশকতা কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাহিনীর শৃঙ্খলা রক্ষার বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, কেবল বাইরের হুমকি মোকাবিলাই নয়, বরং বাহিনীর ভেতরে থেকে যারা রাষ্ট্রবিরোধী শক্তিকে সহায়তা করছেন বা সন্দেহভাজন আচরণ করছেন, তাদের প্রত্যেকের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে এবং প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে, পুরো ডিসেম্বর মাসজুড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের প্রতিটি ইউনিটকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে টহল বাড়ানোর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), থানা ভবন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিতে বাড়তি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।